সন্দীপ সরকার, কলকাতা: সাল ১৯৮৩। লর্ডস। কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়। এক টুর্নামেন্টে বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের নকশা। দেশের ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছিল সফল ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা।
১৯৮৭। ইডেন গার্ডেন্স। সেই প্রথম বাংলার মাটিতে কোনও বিশ্বকাপের ফাইনাল। অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার ট্রফি জয় এখনও রূপকথা হয়ে রয়েছে।
তার ঠিক ২ বছর পরে, ১৯৮৯। স্বাধীনতার পর প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর বঙ্গ ক্রিকেট পেল তরুণ এক প্রতিভাকে। বেহালার বাঁহাতি এক প্রতিশ্রুতি। সৌরভ গঙ্গোপাধ্যায়।
মাঝে এক দুঁদে ক্রিকেট প্রশাসক এসেছেন। নাম, জগমোহন ডালমিয়া। বাংলা থেকে উঠে এসে গোটা বিশ্ব ক্রিকেটকে পরিচালনা করেছেন। টিভিতে ম্যাচের সম্প্রচার সত্ত্ব বিক্রি করে যে উপার্জন করা যায়, ভারতীয় ক্রিকেটে প্রথম দেখিয়েছিলেন যিনি। সিএবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন। আইসিসি-র দায়িত্ব সামলেছেন।
নেহরু কাপ থেকে শুরু করে হিরো কাপ, ২০০১ সালে স্টিভ ওয়র অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার জয়ের অশ্বমেধ হ্যাঁচকা টানে মাটিতে নামিয়ে আনা, সেও তো এই ইডেন গার্ডেন্সেই। ভি ভি এল লক্ষ্মণ-রাহুল দ্রাবিড়ের অবিশ্বাস্য পার্টনারশিপ। হরভজনের হ্যাটট্রিকে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের।
২০১২, ২০১৪ ও ২০২৪ – তিনবার আইপিএল জিতেছে শহরের দল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান-গৌতম গম্ভীর জুটির কম্বিনেশন নতুন দিগন্ত উন্মোচিত করেছে। যার ভিত্তিপ্রস্তর রয়েছে ইডেনেই।
রবিবার এরকমই একের পর এক সোনালি অধ্যায়ের কোলাজ তুলে ধরা হবে দর্শকদের জন্য। আইপিএলে রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস মরণ-বাঁচন ম্যাচ। সেই ম্যাচের বিরতিতে ইডেনের ইতিহাস অভিনব এক লেজার শোয়ের মাধ্যমনে তুলে ধরার পরিকল্পনা করেছে সিএবি। যা দর্শকদের রোমাঞ্চিত করবে বলেই বিশ্বাস সিএবি কর্তাদের।
মাঠের ওপর প্রোজেক্টরের সাহায্যে দেখানো হবে ইডেনের বিভিন্ন স্মরণীয় ক্রিকেটীয় মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস বললেন, ‘এরকম গ্রাউন্ড ম্যাপিং করে প্রোজেক্টরের সাহায্যে গোটা মাঠের ইতিহাস, বাংলা ক্রিকেট, সৌরভ, প্রয়াত জগমোহন ডালমিয়া, কেকেআর – সব মিশিয়ে তৈরি ডকুমেন্টারি এভাবে কখনও দেখানো হয়নি।’
শোনা গেল, ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও তৈরি হয়েছে। লেজার শোয়ের মতো করে দুই ইনিংসের বিরতিতে মাঠের আলো নিভিয়ে হবে এই বিশেষ প্রদর্শনী। যা আইপিএলে কেকেআর বনাম দিল্লি ম্যাচের উন্মাদনা কয়েকধাপ বাড়িয়ে দেবে বলে সিএবি কর্তাদের আশা।
আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে বিরাট ধাক্কা কেকেআরের, ছিটকে গেলেন আইপিএলে সবচেয়ে বেশি রান করা তরুণ!