Last Updated:
Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) তাদের হেরিটেজ বা ঐতিহ্যবাহী বাষ্পীয় ইঞ্জিনগুলি সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। . ৮০৮, ৪-৬-২ প্যাসিফিক ক্লাস হল সেইসব বিখ্যাত স্টীম লোকোমোটিভগুলির মধ্যে একটি।
গুয়াহাটি: ভারতের সমৃদ্ধ রেল ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) টাইপ (৪-৬-২) প্যাসিফিক শ্রেণির ঐতিহাসিক স্টীম লোকোমোটিভ নং. ৮০৮-সি এনজি লোকোর সফলভাবে সংস্কার করেছে, যা এখন মালিগাঁওস্থিত মুখ্য কার্যালয় প্রাঙ্গণে একটি উন্নতমানের ঐতিহ্য প্রদর্শনীর অংশ হিসেবে এটিকে স্থাপন করা হয়েছে। সংস্কারকৃত ঐতিহ্যবাহী লোকোমোটিভটির উদ্বোধন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব দ্বারা বরিষ্ঠ রেলওয়ে আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে করা হয়।
এই ঐতিহ্যবাহী লোকোমোটিভটি ১৯১৪ সালে নির্মিত এবং এর নির্মাণ নর্থ ব্রিটিশ লোকোমোটিভ কোম্পানি লিমিটেড, গ্লাসগো (যুক্তরাজ্য)-এর দ্বারা করা হয়েছিল। এই স্টীম লোকোমোটিভটি ভারতের রেল ঐতিহ্যের এক বিরল নিদর্শন। লোকোমোটিভটি ইতিমধ্যেই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় মালিগাঁওয়ে স্থাপন ও প্রদর্শন করা হয়, আর এখন ব্যাপক মেরামত, রং ও সংস্কার কাজের মাধ্যমে এটিকে নতুন জীবন দান করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার-এর অনুপ্রেরণা ও নির্দেশনায়, সিঅ্যান্ডডব্লিউ ওয়ার্কশপ, নিউ বঙাইগাঁও দ্বারা সংস্কার কাজটি সম্পন্ন করা হয়। সংস্কারকৃত লোকোমোটিভটিকে আলংকারিক আলোকসজ্জা এবং সেই সঙ্গে বাস্তবসম্মত শব্দ ও ধোঁয়ার প্রভাবে সমৃদ্ধ করা হয়েছে, যার ফলে রেলওয়ে দর্শনার্থী ও উৎসাহীদের কাছে এটি একটি আকর্ষণীয় ঐতিহ্যবাহী প্রদর্শনীতে পরিণত হয়েছে।এই স্টীম লোকোমোটিভ নং. ৮০৮, ৪-৬-২ প্যাসিফিক ক্লাস হল সেইসব বিখ্যাত স্টীম লোকোমোটিভগুলির মধ্যে একটি, যেগুলি ১৯১৪ সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধীনে পরিষেবাতে চালু করা হয়েছিল। এর যমজ ইঞ্জিন নং. ৮০৭-এর পাশাপাশি, এই লোকোমোটিভটি ডিএইচআর-এর কিষাণগঞ্জ এক্সটেনশন সেকশনে ৮০০ টন পর্যন্ত ওজনের মালবাহী ট্রেন পরিবহনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, স্টীম লোকোমোটিভ নং. ৮০৮-এর রেস্টোরেশন, ভারতে স্টীম লোকোমোটিভ ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরি করার পাশাপাশি ঐতিহাসিক রেল সম্পদের সংরক্ষণ ও প্রচারের প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে।
Kolkata,West Bengal
