Last Updated:
Siddaramaiah Resignation Update: কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন সিদ্ধারামাইয়া। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ডিকে শিবকুমারের নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়।
ব্যাঙ্গালুরুঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন সিদ্ধারামাইয়া। বৃহস্পতিবার বেঙ্গালুরুর সরকারি বাসভবনে মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে তিনি জানান, কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশ মেনেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন। এর ফলে কর্ণাটকে নেতৃত্ব বদলের জল্পনায় কার্যত সিলমোহর পড়ল।
সিদ্ধারামাইয়া বৈঠকে বলেন, “হাইকম্যান্ডের নির্দেশে আমি ইস্তফা দিচ্ছি। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব।” তিনি আরও জানান, নতুন মুখ্যমন্ত্রী যিনিই হন না কেন, তাঁকে পূর্ণ সহযোগিতা করবেন তিনি।
এই বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার-সহ একাধিক মন্ত্রী। রাজনৈতিক মহলে শিবকুমারকেই পরবর্তী মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল যে, কংগ্রেসের অভ্যন্তরীণ সমঝোতা অনুযায়ী আড়াই বছর পর সিদ্ধারামাইয়ার জায়গায় দায়িত্ব নিতে পারেন শিবকুমার।
এদিকে, রাজভবন সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বর্তমানে বেঙ্গালুরুতে নেই। ব্যক্তিগত কারণে তিনি ইনদওর গিয়েছেন। ফলে সিদ্ধারামাইয়ার আনুষ্ঠানিক ইস্তফা জমা দেওয়ার প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ের পর থেকেই সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমারের মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী এবং শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করা হয়। তখন থেকেই ‘রোটেশনাল চিফ মিনিস্টার’ ফর্মুলা নিয়ে জল্পনা ছিল, যদিও কংগ্রেস কখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।
Kolkata,West Bengal
May 28, 2026 12:03 PM IST
