Last Updated:
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় বিধাননগর আদালতে ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য যাওয়ার কথা ছিল অভিষেকের। সিআইডির আধিকারিকরা ২ ঘণ্টা অপেক্ষা করেন, কিন্তু তৃণমূল নেতা এদিন হাজিরা দেননি। এদিন আদালতে উপস্থিত ছিলেন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, সিআইডির তদন্তকারী আধিকারিক এবং কণ্ঠস্বর বিশেষজ্ঞরা। কিন্তু অভিষেক না আসায় তাঁদের অপেক্ষা করেই ফিরে যেতে হয়।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের প্রেক্ষিতে করা সিআইডি তদন্তে এবার নতুন মোড়৷ এই মামলায় সাক্ষী হিসাবে এবার তলব করা হল গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে৷ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ ভবানী ভবনে সিআইডি দফতরে যান বিধায়ক৷ ডিজে মামলায় সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে সূত্রের খবর৷
ভবানী ভবনে ঢোকার সময় বিজেপি বিধায়ক জানান, গত ৪ মে, ভোটগণনার দিন তাঁর গাড়ির উপরে হামলার ঘটনা ঘটেছিল। তিনি আক্রান্ত হয়েছিলেন বলে দাবি করেছেন গোসাবার বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের জেরে ওই হামলা বলেই মনে করছেন তিনি। এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাঁর সঙ্গে সিআইডি কর্তারা কথা বলবেন বলে জানা গিয়েছে৷ এর আগে ২ জুলাই তৃণমূল বহিস্কৃত মুখোপাত্র ঋজু দত্তকে ডেকেছিল সিআইডি।
এদিকে গতকাল, ৮ জুলাইও কণ্ঠস্বরের নমুনা জমা দিতে গরহাজির ছিলেন অভিষেক৷ সিআইডির আবেদনের পরেই কড়া পদক্ষেপ বিধাননগর আদালতের। এবার তৃণমূল সাংসদকে আল্টিমেটাম দিল কোর্ট। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ১৮ জুলাই তৃতীয়বার তলব করা হল তাঁকে। বুধবার আদালতের নির্ধারিত সময়ে অভিষেক হাজিরা না দেওয়ায়, আদালতে সরকার ও সিআইডির তরফের আইনজীবীরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না।
Jul 09, 2026 12:22 PM IST
