Last Updated:
CID Summons Abhishek Banerjee: সই জালিয়াতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য সিআইডি তলব। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে ৮ জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা না দেওয়ায় তৃতীয়বার তলবের নোটিস দেওয়া হল তাঁকে।
কলকাতাঃ বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে তৃতীয়বার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিআইডি। আগামিকাল মঙ্গলবার তাঁকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি-র এই সমন গ্রহণ করেছেন তাঁর বাড়ির কোনও একজন সদস্য। আজ ৮ জুন দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন তিনি, ফলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। কিন্তু অভিষেককে আর কোনও সময় দিতেই রাজি নন তদন্তকারীরা। ফলে ফের তাঁকে আগামিকালই জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। সেখানে দরজার বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, তারপর বাড়ির ভেতর থেকে কেউ একজন বেরিয়ে এসে নোটিশ গ্রহণ করেন। প্রথমবার ১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে ‘শান্তিনিকেতন’-এ পৌঁছেছিলেন সিআইডি কর্তারা। পরে কালীঘাটের বাড়িতে গিয়ে ৫ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ১৫ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডাকা হয়েছে। গত বুধবার বিকেলে তাঁর কালীঘাটের বাড়িতে যান ইডি-র দুই আধিকারিক। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে নোটিশ দিতে পারেননি ইডি আধিকারিকেরা। তবে অভিষেককে ১৫ জুন হাজিরা দিতে বলা হয়েছে ইডি দফতরে।
Kolkata,West Bengal
