Last Updated:
Adhir Chowdhury: বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর উপর ‘হামলা’ চালানোর অভিযোগে শনিবার গভীর রাতে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিজের বাড়ি থেকে গ্রেফতার তৃণমূল নেতা।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বহরমপুরে গ্রেফতার কাউন্সিলর তথা তৃণমূল যুব সভাপতি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনী প্রচার পর্বে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর উপর ‘হামলা’ চালানোর অভিযোগে শনিবার গভীর রাতে বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিজের বাড়ি থেকে গ্রেফতার হলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ এপ্রিল সকালবেলায় বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বি টি কলেজ এলাকায় একটি গলির ভেতর দিয়ে অধীর চৌধুরীর মিছিল শুরু হতেই সেই সময় ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে কিছু তৃণমূল কর্মী সমর্থক অধীর চৌধুরী এবং কংগ্রেস কর্মীদের উপর হামলা করেন বলে অভিযোগ উঠেছিল।
ঘটনাস্থলে থাকা অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেদিন কোনও ক্রমে অধীর চৌধুরীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে আসেন। এরপরই অধীর চৌধুরীর তরফ থেকে নির্বাচন কমিশনে ভীষ্মদেব কর্মকার-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, সেই মামলাতেই শনিবার রাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার।
তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার বলেন, “ভোট প্রচার পর্বে ওই দিন দু’দলের মধ্যেই ধস্তাধস্তি হয়েছিল অথচ এখন একতরফা ভাবে তৃণমূলের কর্মী নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটা থেকেই প্রমাণ হয় অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির সখ্যতা রয়েছে। হয় তিনি বিজেপির মদত নিয়ে মুর্শিদাবাদ দখলের স্বপ্ন দেখছেন অথবা বিজেপিকে মুর্শিদাবাদ দখল করিয়ে দেওয়ার চেষ্টা করছেন।”
Murshidabad,West Bengal
