Last Updated:
Annapurna yojana: মুখ্যমন্ত্রী জানান, কর্মসূচি চলাকালীনই প্রায় ১ কোটি ১০ লক্ষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে।
কলকাতা: কারা পেলেন না অন্নপূর্ণা যোজনার টাকা? নেতাজি ইনডোরের মঞ্চ থেকে সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন ঝাড়াইবাছাই চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টনের আগে। মুখ্যমন্ত্রীর কথায়, “দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়। সরকারের টাকা উপযুক্ত প্রাপকেরাই পাবেন।”
তিনি বলেন, “এক কোটি ষাট লক্ষের মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে। কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেনি। আজ রাত ১২টার মধ্যে ঢুকে যাবে। আমরা একটা বেনিফিশিয়ারিকে বাদ দেব না। তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। ২৭ লক্ষ এমন নাম আছে যাদের নাম তালিকায় নেই। যারা ভারতীয় নন। সরকারের টাকা ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন সিএএ-তে আবেদন করেছেন তাদের জন্যে এই ভাতা চালু রাখা হবে। যারা ট্র্যাইব্যুনালে গেছেন, তাদের বিষয়ে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন। দুই কোটির মধ্যে আগের সরকারের আমলে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত ছিল? লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন পুরুষরা পাবে?”
বুধবার থেকে শুরু হয় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বণ্টন প্রক্রিয়া। আজ থেকেই যোগ্য প্রাপকদের কাছে পৌঁছতে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য আনা প্রকল্পের ৩০০০ টাকা। আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এই প্রক্রিয়ার শুভ সূচনা করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর অধীনে ভোটার তালিকা থেকে যাঁদের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এবার তাঁদের নাম মুছবে সুবিধাভোগীদের তালিকা থেকে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 01, 2026 11:31 PM IST
