Last Updated:
Anubrata Mondal: বিধানসভা নির্বাচনের আগে কেষ্টকে বাড়তি গুরুত্ব দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এমনকী রামপুরহাটে সভা করে ফেরার পথে নিজের গাড়িতে অনুব্রত মণ্ডলকে তুলে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বোলপুর, ইন্দ্রজিৎ রুজ: অনুব্রত মণ্ডলের শিবির পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে৷ গতকালই কর্মসমিতির প্রথম দিনের বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, ভোটের পরে তাঁর এবং অনুব্রত মণ্ডলের মধ্যে অন্তত ৩০ বার কথা হয়েছে৷ তিনি ঋতব্রতদের সঙ্গে আসছেন কি না, সেই বিষয়টি আজ, শনিবার পরিষ্কার হবে বলেও আভাস দিয়েছিলেন তিনি৷ কিন্তু, সূত্রের খবর, আজ কলকাতা আসছেন না অনুব্রত৷
জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে আজ কলকাতায় যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, তিনি জ্বরে আক্রান্ত। যদিও শুক্রবার রাত পর্যন্ত তাঁর কলকাতায় যাওয়ার প্রস্তুতি ছিল বলে জানা গিয়েছে৷ তবে, শনিবার সকালে অসুস্থতার কারণ দেখিয়ে সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
তবে রাজনৈতিক মহলে জল্পনা থেকেই যাচ্ছে—কলকাতায় না গিয়েও কি ‘নব তৃণমূল’-এ কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ক্ষমতা পেতে পারেন অনুব্রত মণ্ডল? এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
গতকালই নিউজ ১৮ বাংলায় খবর হয়, এবার শিবির বদলাতে চলেছেন কালীঘাটের কেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। যদিও অনুব্রত জেলবন্দি থালাকালীন বীরভূমের সংগঠনের রাশ তাঁর হাত থেকে অনেকটাই বেরিয়ে যায়। বীরভূম তৃণমূল কংগ্রেসে কোর কমিটি তৈরি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটি ২০২৩-এর পঞ্চায়েত ও ২০২৪-এর লোকসভায় বীরভূমে দারুণ ফল করে।
জানা গিয়েছে, এদিন জাতীয় কর্ম সমিতির বৈঠকে জেলাওয়াড়ি সংগঠন নিয়ে আলোচনা হতে পারে৷ ইতিমধ্যেই কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ওরফে রাণা সহ তৃণমূলের নেতা বিধায়কই ঋতব্রতপন্থীদের শিবিরে যোগদান করেছেন৷ সূত্রের খবর ছিল, এবার এই শিবিরে যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল৷
