Last Updated:
Suvendu Adhikary : শুভেন্দু অধিকারী বলেছেন, এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। বাংলার সুরক্ষার প্রশ্ন। যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম।
কলকাতা : ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বাংলার নতুন মন্ত্রীসভা। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এমনটা করা না গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শুভেন্দু অধিকারী বলেছেন, “এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। বাংলার সুরক্ষার প্রশ্ন। যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।”
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়ার কাজ শেষ হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া বাকি রয়েছে।
নির্বাচনের প্রচারের সময় অমিত শাহ-র দফতর থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করতে ৬০০ একর জমির প্রয়োজন। সেই জমি বিএসএফকে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলেই সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।
বাংলার মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশের প্রশাসন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার আর কাঁটাতারের বেড়ার ভয় পায় না। বাংলাদেশেরও সীমান্ত নিয়ে নিজস্ব পরিকল্পনা রয়েছে।
Kolkata,West Bengal
May 11, 2026 11:20 PM IST
