Last Updated:
Congress on West Bengal New CS Manoj Agarwal: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব নিযুক্ত হতে চলেছেন নির্বাচন কমিশনের বিদায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এতদিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি।
কলকাতা: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব নিযুক্ত হতে চলেছেন বিদায়ী নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এতদিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসাবে বিধানসভা নির্বাচন সামলেছেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন দুষ্মন্ত নারিওয়ালা। তাঁকে পাঠানো হচ্ছে দিল্লিতে। এই নোটিস জারি হতেই ফের নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশন এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে দাবি বিরোধীদের। সম্প্রতি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (আইএএস, ১৯৯০ ব্যাচ)-কে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ডিলিশন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সুব্রত গুপ্ত (আইএএস, ১৯৯০ ব্যাচ)-কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।
The BJP led West Bengal government has appointed the erstwhile Chief Election Officer, Mr. Manoj Agarwal (IAS 1990), responsible for overseeing the 2026 West Bengal assembly election as the new Chief Secretary to the Government of West Bengal. Similarly, Mr. Subrata Gupta (IAS…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 11, 2026
সমালোচকদের দাবি, এই নিয়োগগুলি নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে প্রকাশ্য যোগসাজশ এবং আঁতাতের প্রমাণ। তাদের বক্তব্য, কমিশন আর নিরপেক্ষ থাকার ন্যূনতম চেষ্টাও করছে না। বরং এই পদক্ষেপগুলি স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন কমিশন একতরফাভাবে বিজেপির সুবিধার্থে কাজ করেছে। অভিযোগ উঠেছে, প্রায় ২৭ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে গোটা রাজ্যে নির্বাচন পরিচালিত হয়েছে, যা কৌশলগতভাবে বিজেপির নির্বাচনী সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে বিরোধীদের দাবি।’
সোমবার পুলিশের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপস্থিত সকলের উদ্দেশে মনোজ আগরওয়ালের মুখ্যসচিব হওয়ার কথা জানান। পরে ১১ মে, ২০২৬ এর তারিখের একটি নোটিসে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের তরফে জানানো হয়, রাজ্যপাল আরএন রবি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে মুখ্যসচিব পদে নিয়োগ করছেন৷ পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে ওই নোটিসে৷ এদিন পরবর্তী মুখ্যসচিব হিসাবে বিদায়ী মুখ্যসচিবের হাত থেকে দায়িত্ব বুঝে নেন মনোজ কুমার আগরওয়াল৷
আবীর ঘোষাল
Kolkata,West Bengal
May 11, 2026 11:30 PM IST
