Last Updated:
Bankura News: শপথ নেওয়ার পর জেলায় ফিরে উন্নয়নের বার্তা দিলেন নতুন মন্ত্রী। শুধু উন্নয়ন নয়, দুর্নীতির বিরুদ্ধেও কড়া বার্তা দেন ক্ষুদিরাম টুডু। তাঁর বক্তব্য, “যারা দুর্নীতি করেছে, আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: শপথগ্রহণের পর শনিবার বাঁকুড়া শহরে ফিরতেই যেন উৎসবের আবহ তৈরি হল নতুন মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে ঘিরে। শহরের বিভিন্ন প্রান্ত গেরুয়া পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়, ফুলের মালা আর উচ্ছ্বাসে কার্যত জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল। দীর্ঘ রাজনৈতিক লড়াই পেরিয়ে রানিবাঁধের বিধায়ক থেকে রাজ্যের মন্ত্রী হওয়া ক্ষুদিরামকে একঝলক দেখতে ভিড় জমায় বহু মানুষ।
কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন সুরেই নিজের রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরেন তিনি। বলেন, জঙ্গলমহলের উন্নয়নই তাঁর প্রথম লক্ষ্য। পানীয় জলের সমস্যা মেটানো এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন নতুন মন্ত্রী।
শুধু উন্নয়ন নয়, দুর্নীতির বিরুদ্ধেও কড়া বার্তা দেন ক্ষুদিরাম টুডু। তাঁর বক্তব্য, “যারা দুর্নীতি করেছে, আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এই মন্তব্যে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আরও বাড়তে দেখা যায়। বারবার স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। অনেকের মতে, জঙ্গলমহলের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন পর একজন পূর্ণমন্ত্রী পাওয়ায় উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বাঁকুড়া শহরে তাঁর এই প্রত্যাবর্তন শুধুমাত্র রাজনৈতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা এক আবেগের মুহূর্ত হয়ে উঠেছে দলীয় কর্মী-সমর্থকদের কাছে। চারদিকে গেরুয়া রঙের ছটা, ঢাক-ঢোল, উল্লাস আর প্রত্যাশা— সব মিলিয়ে নতুন মন্ত্রীর হাত ধরে জঙ্গলমহলের মানুষ এখন উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন।
Bankura,West Bengal