Last Updated:
Suvendu Adhikari: নন্দকুমার এর দলীয় কর্মী সমর্থকদের দেওয়া কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নন্দকুমারের থামল তাঁর কনভয়
নন্দকুমার, সৈকত শী: কাঁথির শান্তিকুঞ্জের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎই নন্দকুমারের থামল মুখ্যমন্ত্রীর কনভয়। প্রায় দুদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যেন উৎসবের আবহ। তার একটাই কারণ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই জেলার লড়াকু নেতা হিসাবে সাধারণ মানুষের মনের মনিকোঠায় জায়গা নিয়েছিলেন, এবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী।
স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উচ্ছ্বাস অনেকটাই বেশি। সেটাই যেন বারবার ধরা পড়ছে জেলার বিভিন্ন প্রান্তে। রবিবার পড়ন্ত বেলায় নন্দকুমারের এই চিত্রটা বদলাল না। দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখে থেমে গেল মুখ্যমন্ত্রীর কনভয়। ৯ মে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই দিনই গভীর রাতে তিনি জেলায় ফিরে আসেন। ফিরে আসেন তাঁর শান্তিকুঞ্জের বাড়িতে। কলকাতা থেকে কাঁথির শান্তি কুঞ্জ পর্যন্ত রাস্তার বিভিন্ন দুই পাশে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় গভীর রাত পর্যন্ত দেখা গিয়েছিল। আর ১০ মে রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে সাধারণ মানুষ থেকে বিজেপির নেতাকর্মীরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান। সকাল থেকেই সেই ভিড় অপেক্ষা করেছিল বিকেল পর্যন্ত।
দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকেলে শান্তিকুঞ্জের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে বের হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ির সামনে রীতিমত কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাসেন তিনি। তারপর কনভয় এগিয়ে যায় কলকাতার দিকে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার চৌরাস্তার কাছেই আবার কনভয় থেমে যায়। কারণ সেখানে উপস্থিত ছিল নন্দকুমারের বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ। কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রায় ৫০০ মিটার পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। আর তাতে রীতিমত আপ্লুত বিজেপির কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ।
নন্দকুমারের মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় শামিল হওয়া বিজেপির জেলা যুব মোর্চার সদস্য রাজা সামন্ত জানিয়েছেন, “উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। উনি আমাদের কথা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমাদের সঙ্গে দেখা করবেন এবং পদযাত্রা করবেন। উনি সেই কথা রেখেছেন। আমরা খুব খুশি।” প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীকে নিয়ে গর্ববোধ করছেন পূর্ব মেদিনীপুরের মানুষজন।
Purba Medinipur,West Bengal