Last Updated:
ভোটের ফল প্রকাশের পর থেকেই বিধাননগর পুরসভার একাধিক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ৷ অনেক কাউন্সিলর আবার এলাকা ছাড়া৷
পদত্যাগ করলেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী৷ আজই বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি৷ ব্যক্তিগত কারণ দেখিয়েই কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর৷ পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের সচিবকেও পদত্যাগপত্র পাঠিয়েছেন কৃষ্ণা৷
গতকালই জানা গিয়েছিল, কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়া ইচ্ছেপ্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম৷ তাঁর সেই আর্জিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি জানিয়েছেন বলেও খবর৷ ফলে কলকাতা পুরসভার পর এবার চরম ডামাডোলের মুখে বিধাননগর পুরনিগমও৷
নির্বাচনের ফল প্রকাশের পর বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে গ্রেফতার করে ইডি৷ এর পর তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগরের একাধিক কাউন্সিলর৷ এবার মেয়র নিজে পদত্যাগ করায় বিধাননগরের পুরপরিষেবা যথাযথ বজায় রাখা নিয়েই প্রশ্ন চিহ্ন দেখা দিল৷ পদত্যাগপত্র পাঠানোর পর এ দিন বিধাননগর পুরসভাতেও পৌঁছেছেন কৃষ্ণা চক্রবর্তী৷ তবে পুরনিগমে ঢোকার সময় কোনও প্রতিক্রিয়া দেননি কৃষ্ণা চক্রবর্তী৷
গতকালই খবর ছড়িয়েছিল যে কলকাতা পুরসভার মহানাগরিকের পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম৷ যদিও সরকারি ভাবে ফিরহাদ হাকিম এখনও পদত্যাগপত্র জমা দেননি বলেই খবর৷ তবে দু একদিনের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন৷ একা মেয়র ফিরাহদ নন, ইতিমধ্যেই কলকাতা পুরসভার দুই বরো চেয়ারম্যান পদত্যাগ করেছেন৷ পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেছেন মেয়র পারিষদ তারক সিং৷ যেভাবে পদত্যাগের হিড়িক লেগেছে, তাতে এই দুই পুরনিগমের পুরবোর্ড এখন ধরে রাখাই তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ৷
ইতিমধ্যেই চন্দননগর পুরনিগমের মেয়র সহ তৃণমূলের অধিকাংশ কাউন্সিলরই পদত্যাগ করেছেন৷ এ ছাড়াও রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান সহ তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করতে শুরু করেছেন৷
Kolkata,West Bengal
