Last Updated:
খেলতে খেলতে শেখা আর জেতার এক নতুন মঞ্চ, থাকবে না প্রতিযোগিতার কোনও চাপ৷ শুধুই আনন্দ করা এই শোয়ের মূলমন্ত্র৷
কলকাতা: বাংলা রিয়ালিটি শোয়ের বাজারে নতুন শো ছানাগিরি৷ প্রতিটি শিশুই সবচেয়ে ভাল শেখে যখন শেখার মধ্যে থাকে আনন্দ। সেই ভাবনাকেই বাস্তব রূপ দিয়ে খুব শীঘ্রই আসছে ‘ছানাগিরি’, যেখানে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করতে পারবে৷ এই শোয়ে তারা খেলবে, শিখবে, নতুন কিছু জানবে এবং জিতবে—আর তৈরি করবে অনেক সুন্দর স্মৃতি। জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ এই শোয়ের সঞ্চালনা করবেন৷ ছানাগিরি এমন একটি অনুষ্ঠান যেখানে উদযাপন করা হবে শিশুদের কৌতূহল, আত্মবিশ্বাস এবং অংশগ্রহণের আনন্দ।
প্রত্যেক বাবা-মাই চান তাদের সন্তান জীবনে সফল হোক। তবে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু বইয়ের পাতা বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। ছানাগিরি শিশুদের বইয়ের বাইরের এক নতুন জগতে নিয়ে যাবে, যেখানে খেলতে খেলতেই তারা শিখবে, নিজেদের মেলে ধরবে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবে। অনুষ্ঠানের মূল মন্ত্র এবং ট্যাগ লাইন— “খেলব, শিখব, জিতব”।
এতদিন যে ধরনের বাচ্চাদের রিয়ালিটি শো হত, সেখানে তাদের পারফর্ম করতে হত৷ অর্থাৎ কখনও গান তো কখনও নাচ৷ প্রতিযোগিতার চাপ থাকত শিশুদের উপর৷ এই শোয় তারা থাকতে সম্পূর্ণ চাপমুক্ত৷ ফলে আনন্দ করে শেখাই এখনে মূল কথা৷ আরও মজার বিষয় হল, এই যাত্রায় শুধু শিশুরাই নয়, তাদের মায়েরাও বিশেষভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে কীভাবে? সেই চমক জানতে হলে দেখতে হবে অনুষ্ঠানটি।

বাচ্চাদের নতুন শো ছানাগিরি!
সম্প্রতি অপরাজিতা ঘোষকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে অডিশন, যেখানে রাজ্যের নানা প্রান্তের শিশুরা অংশ নেওয়ার সুযোগ পাবে। এই শোটি হবে সান বাংলা চ্যানেলে৷ এই চ্যানেলের ‘লক্ষ টাকার লক্ষ্মী লাভ’-এর মাধ্যমে অসংখ্য মহিলার স্বপ্নপূরণের সাক্ষী হওয়ার পর, এবার আগামী দিনের ছোট্ট তারকাদের জন্য এক আনন্দময়, শিক্ষামূলক এবং পুরস্কারে ভরপুর অনুষ্ঠান শুরু হতে চলেছে।
Kolkata,West Bengal
