Last Updated:
CJP Protest Dharmatala Case Arrest: নিট কেলেঙ্কারি-বিক্ষোভে ধর্মতলার অশান্তি, গ্রেফতার বেড়ে ১৪, আদালতে ২ দিনের পুলিশ হেফাজত।
কলকাতা: নিট কেলেঙ্কারির প্রতিবাদে কলকাতায় শুক্রবার যে মিছিল হয়, সেখানে অশান্তির ঘটনায় রবিবার সকালেই বেড়েছে গ্রেফতারির সংখ্যা। শনিবার পর্যন্ত অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা ছিল ১১। রবিবার সকালে কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় অভিযুক্তদের। তার পরে তাঁদের খোঁজ শুরু হয়।
ধর্মতলায় শুক্রবার ককরোচ পার্টির সমর্থনে মিছিল থেকে নজিরবিহীন অশান্তি, পুলিশ-সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃতদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। রবিবার ধৃত ১৪ জনকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। এই মামলার শুনানিতে এদিন দীর্ঘ সওয়াল-জবাবে জড়িয়ে পড়েন দু’পক্ষের আইনজীবীরা। উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন আছেন, যাঁদের আগে থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। এমনকী চার্জশিটও দেওয়া হয়েছে এই সকল অপরাধীদের বিরুদ্ধে। সরকারি আইনজীবীর দাবি, ইরফান খুরশেদ – ৮ টি চার্জশিট, আরশাদ আলি – ২ টি চার্জশিট, ইমরান আহমেদ- ৪ টি চার্জশিট, জামির আহমেদ – ২ টি চার্জশিট। অভিযুক্ত ১ নম্বরের বিরুদ্ধে ৮ টি চার্জশিট রয়েছে, অভিযুক্ত ৫ নম্বরের বিরুদ্ধে ৪ টি চার্জশিট রয়েছে। অভিযুক্ত ২ এর বিরুদ্ধে ২ টি চার্জশিট রয়েছে । অভিযুক্ত ৭ এর বিরুদ্ধে ২ টি চার্জশিট রয়েছে । আইনজীবীর দাবি, অভিযুক্তরা পেশাদার অপরাধী।
শনিবার বিধানসভায় দাঁড়িয়ে দোষীদের গ্রেফতারি ও কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সেই বার্তার পর রাতারাতি অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। সরকারি আইনজীবীর আবেদন, এরা যে কোনও অশান্তিতে মদতদাতা। পুলিশ হেফাজতে রেখে জেরা প্রয়োজন। তাঁর সেই আবেদন মঞ্জুর করে ২ দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পাল্টা অভিযুক্তদের পক্ষে আইনজীবী জোরদার সওয়াল করে বলেন, ‘১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা কেউ দেশদ্রোহী নন, সন্ত্রাসবাদী নন। দেশজুড়ে নিট প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন চলছে। কলকাতাতেও ককরোচ জনতা পার্টি একটা আন্দোলন ডেকেছিল। এটা শুধুই ছাত্র আন্দোলন নয়। এখানে প্রচুর মানুষ নিজেদের উৎসাহে এসেছিলেন। কলকাতা সচেতনতার শহর। তাই সচেতন নাগরিক পথে নেমেছেন। ছাত্রদের সঙ্গে অভিভাবকরা এসেছেন। ছাত্র সংগঠনের তরফে মিছিল, জমায়েতের অনুমতি নেওয়া ছিল। অনুমতি না থাকলে ডোরিনা ক্রসিংয়ে আসতে পারতেন না। তাও বলা হচ্ছে প্রভাবিত করা হয়েছ, উসকানি দেওয়া হয়েছে। এদের জামিনের আবেদন জানাচ্ছি।’ বিচারক সরকারি আইনজীবীর কাছে তথ্যপ্রমাণ দেখতে চান। তা দেখার পর ধৃতদের ২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
অমিত সরকার
Kolkata,West Bengal
