Last Updated:
Cooch Behar News: মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে আর্থিক তোলাবাজি, নিয়ম বহির্ভূতভাবে রস্টার নিয়ন্ত্রণ করা, বদলির হুমকি দেওয়া সহ একগুচ্ছ অভিযোগ উঠেছে।
মাথাভাঙা, কোচবিহারঃ মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ। ডাক্তারদের দাবি, আর্থিক তোলাবাজি, নিয়ম বহির্ভূতভাবে রস্টার নিয়ন্ত্রণ করা, বদলির হুমকি দেওয়ার মতো ঘটনা অনেকদিন ধরেই চলছিল। বৃহস্পতিবার এই নিয়েই হাসপাতালের কর্মীদের ক্ষোভের মুখে পড়েন সুপার মাসুদ হাসান।
জানা গিয়েছে, গতকাল তিনি হাসপাতালে ঢোকা মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা ছিল।
মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে কোচবিহারের সাংসদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে হাসপাতালে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। প্রবীণ চিকিৎসক প্রদীপ্ত চক্রবর্তী বলেন, কোনও রকম কারণ ছাড়াই এইচডিইউ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। সুপারের বিরুদ্ধে সরব হয়েছেন হাসপাতালে নার্সিং স্টাফেরাও।
তাঁদের অভিযোগ, সামান্য বিষয়েও সুপার মাসুদ হাসান তাঁদের অপমান করতেন। সেই সঙ্গেই সার্ভিস বুকে লাল কালি দিয়ে দেওয়ারও হুমকি দিতেন। চিকিৎসক প্রবীর বাগের অভিযোগ, সুপারের মদতে একজন স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার ডিউটি বিষয়ক বিভিন্ন অজুহাতে ডাক্তারদের থেকে টাকা আদায় করতেন। ভোটের রেজাল্ট বেরনোর দিন থেকে তিনি গায়েব বলে দাবি।
একইসঙ্গে মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারের স্ত্রীয়ের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠেছে। বিক্ষোভকারী কর্মীদের দাবি, সুপারের স্ত্রী মাঝেমধ্যেই সুপারের চেয়ারে বসে বিভিন্ন নির্দেশ দিতেন। অভিযুক্ত সুপার অবশ্য এই সকল অভিযোগ অস্বীকার করেছেন।
সব মিলিয়ে, মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে কর্মীদের হেনস্থার অভিযোগ ঘিরে গতকাল হাসপাতাল চত্বরে বেশ চাঞ্চল্য ছড়ায়। আগামীতে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 08, 2026 12:08 PM IST
Cooch Behar News: বদলির হুমকি থেকে তোলাবাজি! মাথাভাঙা হাসপাতালের সুপারের বিরুদ্ধে ডাক্তার-নার্সদের হেনস্থার অভিযোগ, তীব্র বিক্ষোভ
