Last Updated:
সরকার বদলানোর পরেই স্বমহিমায় সিপিআইএম। বীরভূমের দুবরাজপুরে অনুব্রত মণ্ডল-সহ তৃণমূলকে জোড়ালো আক্রমণ করলেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত।
সুপ্রতিম দাস, দুবরাজপুর , বীরভূম: রাজ্য সরকার বদল হতেই এবার স্বমহিমায় দেখা গেল সিপিআইএমকে। তারা সরকারে না এলেও, বিজেপি সরকারে আসার পর রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। আর সেই বদলে যাওয়া চিত্রই এবার বীরভূমের দুবরাজপুরে দাঁড়িয়ে একপ্রকার স্বীকার করতে দেখা গেল সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তকে।
আজ বুধবার সিপিআইএমের তরফ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নিয়ে দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে মিছিল করে দুবরাজপুর ব্লক অফিসে যায়। যেখানে বক্তব্য রাখেন কলতান দাশগুপ্ত। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাধন ঘোষ, শীতল বাউড়ি, আনারুল হক, আলাউদ্দিন খান-সহ অন্যান্যরা।
বক্তব্য রাখার সময় কলতান দাশগুপ্ত বলেন, “১৫ বছর ধরে লড়াইয়ের ফলশ্রুতি হিসাবেই আজ তারা এই বিডিও অফিসে এসে ডেপুটেশন কর্মসূচি করতে পারছেন। কেননা এর আগে যখন এমন কর্মসূচি নিয়ে আসা হতো তখন তাদের আক্রমণের সম্মুখীন হতে হতো। এখন সময় বদলেছে”।
এছাড়াও তিনি জানান, যারা অন্যায় করেছে তারা এখন বাড়ির খাটের তলায়, শাড়ির নিচে, কাপড়ের আড়ালে লুকানোর চেষ্টা করছে। কলকাতায় তৃণমূল নেতাদের ফ্ল্যাট, বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আর যারা অন্যায় করেনি তারা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
একইসঙ্গে নাম না করে তাকে এক সময়ের বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও খোঁচা দিতে দেখা যায়। তিনি জানান, বীরভূমে যে বড় বড় বাঘেরা থাকতো বলে আমরা জানতাম সেই বাঘের ছালটা এখন রাস্তায় পড়ে আছে। কিন্তু বাঘেদের আর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন তারা? তাদের খুঁজতে এবার থানায় এফআইআর করতে হবে কিনা তা জানতেই আমরা বিডিও অফিসে এসেছি।এখানেই শেষ নয়, এর পাশাপাশি তাকে তৃণমূল নেতাদেরও এক হাত নিতে দেখা যায় এদিনের এই বক্তব্যের মধ্য দিয়ে।
Birbhum,West Bengal
