Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমানের কালনার বাদলা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারকোন গ্রামে শনিবার রাতে এক সন্দেহজনক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক অপরিচিত যুবক শিশুর বাবার নাম ভাঙিয়ে বাড়িতে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কালনার বাদলা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারকোন গ্রামে শনিবার রাতে এক সন্দেহজনক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক অপরিচিত যুবক শিশুর বাবার নাম ভাঙিয়ে বাড়িতে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তবে শিশুর মায়ের তৎপরতা ও উপস্থিত বুদ্ধিতেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ একটি মোটরসাইকেলে চেপে এক অচেনা যুবক গোস্বামী পাড়ায় সৌম্যভ গোস্বামীর বাড়ির সামনে আসে। সেই সময় সৌম্যভ বাড়িতে ছিলেন না। অভিযোগ, বাইক থেকেই ওই ব্যক্তি বারবার হর্ন বাজিয়ে বাড়ির লোকজনকে ডাকতে থাকে।
এরপর শিশুটির মা বাইরে এলে ওই যুবক সৌম্যভের নাম করে জানায়, তিনি নাকি কাছের একটি চায়ের দোকানে রয়েছেন এবং ছেলেকে সেখানে নিয়ে যেতে বলেছেন।হঠাৎ এমন কথায় সন্দেহ হয় শিশুটির মায়ের। তিনি সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করতে বাড়ির ভিতরে যান। সেই সময় বারান্দা থেকে বাইরে তাকিয়ে দেখেন, অভিযুক্ত যুবক আর সেখানে নেই। দ্রুত মোটরসাইকেল নিয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
শিশুটির বাবা সৌম্যভ গোস্বামী জানান, তাঁর সাড়ে তিন বছরের ছেলে কোনও অচেনা ব্যক্তির সঙ্গে সাধারণত কোথাও যায় না। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁদের বাড়ির অবস্থান ও পরিবারের বিষয়ে আগে থেকেই কিছু তথ্য জানত। ফলে ঘটনাটি পরিকল্পিত বলেই তাঁদের সন্দেহ। সৌম্যভ গোস্বামী আরও জানান, অভিযুক্তকে তাঁর স্ত্রী স্পষ্টভাবে দেখেছেন এবং সামনে পেলে চিনতে পারবেন বলেও দাবি করেছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই বৈদ্যপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এটি নিছক অপহরণের চেষ্টা, নাকি কোনও শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Barddhaman,West Bengal
