তবে নতুন স্কিমে পিএফ-এ অবদানের মূল কাঠামো এবং অবসরকালীন সুবিধা আগের মতোই রাখা হয়েছে। কিন্তু দেশের ৩৪ কোটিরও বেশি EPFO গ্রাহকের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সহজ ভাষায় জেনে নিন নতুন নিয়মে আপনার PF অ্যাকাউন্টে কী কী পরিবর্তন আসতে চলেছে।
১. PF-এ অবদানের নিয়মে কি কোনও পরিবর্তন হয়েছে?
না। EPF-এ অবদানের কাঠামো আগের মতোই থাকবে। কর্মী নিজের বেসিক বেতনের ১২% PF-এ জমা করবেন। নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা করবেন। ১৫,০০০ টাকা পর্যন্ত বেসিক বেতন যাঁদের, তাঁদের ক্ষেত্রে EPF-এ অবদান বাধ্যতামূলক থাকবে। এর বেশি বেতনের কর্মীরা চাইলে স্বেচ্ছায় বেশি অর্থ জমা করতে পারবেন।
নতুন স্কিমে আর সরাসরি ১৫,০০০ টাকার বেতনসীমার উল্লেখ রাখা হয়নি। পরিবর্তে কেন্দ্র সরকার যে Wage Ceiling নির্ধারণ করবে, সেটিকেই ভিত্তি ধরা হবে। এর ফলে ভবিষ্যতে সরকার যদি PF-এর জন্য বেতনসীমা বাড়াতে চায়, তাহলে পুরো স্কিম সংশোধন করতে হবে না। শুধু একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করলেই হবে।
আগে বিভিন্ন কারণে PF থেকে টাকা তোলার জন্য আলাদা আলাদা নিয়ম ছিল। এখন সেগুলিকে তিনটি বড় বিভাগে ভাগ করা হয়েছে—
ব্যক্তিগত জরুরি প্রয়োজন
বাড়ি বা আবাসন সংক্রান্ত প্রয়োজন
বিশেষ পরিস্থিতি
এটি নতুন স্কিমের অন্যতম বড় পরিবর্তন। এখন থেকে আংশিক টাকা তোলার সময় PF অ্যাকাউন্টের সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যাবে না।
Minimum Balance: কর্মী ও নিয়োগকর্তার অবদান এবং সুদ-সহ মোট PF তহবিলের ২৫% অর্থ অবশ্যই অ্যাকাউন্টে রাখতে হবে।
Eligible Member Balance: মোট তহবিলের ৭৫% অংশই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তোলা যাবে।
যোগ্য সদস্যরা নিম্নলিখিত ক্ষেত্রে টাকা তুলতে পারবেন—
অসুস্থতা
পড়াশোনা
বিয়ে
বাড়ি কেনা বা নির্মাণ
এই সব ক্ষেত্রে Eligible Member Balance-এর ১০০% পর্যন্ত তোলা যাবে।
টাকা তোলার সর্বোচ্চ সীমা—
শিক্ষার জন্য: সদস্যপদ চলাকালীন সর্বোচ্চ ১০ বার
বিয়ে ও বাড়ির জন্য: সর্বোচ্চ ৫ বার
বিশেষ পরিস্থিতিতে: একটি অর্থবর্ষে ২ বার
আগে বিভিন্ন উদ্দেশ্যে টাকা তোলার জন্য ভিন্ন ভিন্ন সময়সীমা ছিল। এখন থেকে চিকিৎসা, শিক্ষা, বিয়ে বা বাড়ির মতো অধিকাংশ কারণে PF থেকে আংশিক টাকা তুলতে হলে কমপক্ষে ১২ মাস EPF সদস্য থাকতে হবে।
আগে চাকরি ছাড়ার ২ মাস পরে পুরো PF তুলে নেওয়া যেত। নতুন নিয়ম অনুযায়ী, এখন ১২ মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ চাকরি ছাড়ার এক বছর পরেই পুরো PF তোলা যাবে। তবে এই সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী আংশিক টাকা তোলা যাবে। এছাড়া EPS (Employees’ Pension Scheme)-এর অর্থ তোলার অপেক্ষার সময়সীমাও ২৪ মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করা হয়েছে।
EDLI Scheme 2026-এর আওতায় মৃত সদস্যদের পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
যদি কোনও সক্রিয় সদস্যের মৃত্যু হয়, তাহলে তাঁর PF-এর জমাকৃত অর্থের পাশাপাশি নমিনি অতিরিক্ত Assurance Benefit পাবেন।
মৃত সদস্যের গড় PF ব্যালেন্স ৫০,০০০ টাকার বেশি হলে ৷
নমিনি পাবেন ৫০,০০০ টাকা + ৫০,০০০ টাকার বেশি অংশের ৪০%।
এই অতিরিক্ত অর্থ সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
নতুন স্কিমে পুরনো Form-2-এর কাগজভিত্তিক ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। এখন সদস্যদের EPFO পোর্টালের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতেই নমিনেশন করতে বা আপডেট করতে হবে। এর ফলে ক্লেম নিষ্পত্তির সময় নমিনিদের কাগজপত্র সংক্রান্ত সমস্যাও অনেকটাই কমবে।
নতুন নিয়মে EPFO-কে ২০ দিনের মধ্যে ক্লেম নিষ্পত্তি করতে হবে। যদি কোনও যথাযথ কারণ ছাড়াই ২০ দিনের মধ্যে ক্লেম মঞ্জুর না হয়, তাহলে বিলম্বের সময়ের জন্য বার্ষিক ১২% হারে জরিমানামূলক সুদ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সুদের অর্থ সংশ্লিষ্ট আঞ্চলিক PF কমিশনারের বেতন থেকেও আদায় করা যেতে পারে।