Last Updated:
Expired Saline Case: মেয়াদ উত্তীর্ণ স্যালাইন-কাণ্ডে বিতরণে গাফিলতির অভিযোগ, মেদিনীপুর মেডিক্যালে পাঁচ আধিকারিক ও স্বাস্থ্যকর্মীকে শোকজ।
পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ডে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। পাঁচজনকে শোকজ করল স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন-কাণ্ডে আরও কড়া মনোভাব স্বাস্থ্য দফতরের। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই হাসপাতালের পাঁচজনকে শোকজ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
যাঁদের শোকজ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স, অ্যাডিশনাল মেডিক্যাল সুপার, অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জ। সূত্রের খবর, স্যালাইন-কাণ্ডে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে একটি প্রাথমিক রিপোর্ট। এরপর স্টোর থেকে ওয়ার্ডে স্যালাইন ডিস্ট্রিবিউশন পর্যন্ত গোটা চেনের সঙ্গে যাঁরা যুক্ত থাকে তাঁদের প্রত্যেককে শোকজ করা হল।
গত বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মানসী দে নামে এক রোগীকে মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়তেই পরের দিন, বৃহস্পতিবার স্বাস্থ্যভবন থেকে তিন জনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। হাসপাতালে স্যালাইনের স্টক কোথায় থাকে, কী ভাবে ব্যবহার হয়, স্যালাইন কী ভাবে ওয়ার্ডে ওয়ার্ডে যায়, কারা নজরদারিতে থাকেন, এই সব বিষয়ে খোঁজখবর করেন প্রতিনিধিদলের সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা বৈঠক করেন। পরে সেই প্রতিনিধ দল রিপোর্ট পাঠায় স্বাস্থ্যভবনে। সেই রিপোর্টের ভিত্তিতে পাঁচ জনকে শোকজ করা হয়েছে।
শোভন দাস
Paschim Medinipur,West Bengal
Jul 11, 2026 12:06 PM IST
