Last Updated:
Farhan Akhtar- Ranveer Singh: ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানো ঘিরে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ফারহান আখতারের সঙ্গে সৃজনশীল মতবিরোধ, প্রযোজনার দেরি ও ৪৫ কোটির ক্ষতিপূরণ দাবিকে কেন্দ্র করে তোলপাড় বলিউড।
মুম্বইঃ ‘ডন ৩’ নিয়ে রণবীর সিং ও ফারহান আখতারের দ্বন্দ্ব এখন বলিউডের অন্যতম বড় বিতর্ক। প্রথমে বিষয়টি সাধারণ কাস্টিং পরিবর্তন বলে মনে হলেও, পরে তা আইনি জটিলতার দিকেও গড়ায়। জানা গিয়েছে, ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশও জারি করেছে।
২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ‘ডন ৩’-এর নতুন ডন হিসেবে ঘোষণা করা হয়েছিল রণবীর সিংয়ের নাম। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এই জনপ্রিয় চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল তাঁকে। ছবির ঘোষণার ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে ছবির কাজ দেরিতে এগোতে শুরু করে এবং অনিশ্চয়তা তৈরি হয়।
একাধিক রিপোর্ট অনুযায়ী, সৃজনশীল মতপার্থক্যের কারণেই ছবিটি থেকে সরে দাঁড়ান রণবীর। ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, রণবীর চরিত্রটিকে আরও ডার্ক ও আগ্রাসীভাবে তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর মতে, চরিত্রে আরও বেশি সহিংসতা ও শক্ত ভাষার ব্যবহার থাকা প্রয়োজন ছিল। অন্যদিকে, ফারহান আখতার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির মূল ভাবনার কাছাকাছি থাকতে চেয়েছিলেন।
এছাড়াও, প্রযোজনার দেরি এবং চূড়ান্ত স্ক্রিপ্ট প্রস্তুত না হওয়াতেও অসন্তুষ্ট ছিলেন রণবীর, এমন দাবিও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। যদিও এই বিষয়ে রণবীর সিং কখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।
চলতি বছরের শুরুতে হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতার এই প্রসঙ্গে বলেন, “আমি শিখেছি যে অপ্রত্যাশিত বিষয় ঘটতেই পারে। যতক্ষণ না ক্যামেরায় সেটি ধরা পড়ছে, ততক্ষণ কিছুই নিশ্চিত নয়।” পাশাপাশি তিনি জানান, চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা অসাধারণ হলেও চ্যালেঞ্জিং সময় আসবেই, এবং তিনি সেটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেন।
Kolkata,West Bengal
