Last Updated:
উত্তরপ্রদেশের হামিরপুরে বেতওয়া নদীর উপর নির্মীয়মাণ সেতুর অংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৬ শ্রমিকের। ঝড়-বৃষ্টির মধ্যেই ঘটে দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে থাকার আশঙ্কায় চলছে উদ্ধারকাজ।
হামিরপুরঃ উত্তরপ্রদেশের হামিরপুরে শুক্রবার ভোররাতে বড় দুর্ঘটনা। বেতওয়া নদীর উপর নির্মীয়মাণ একটি সেতুর অংশ হঠাৎ ভেঙে পড়ে মৃত্যু হল ৬ শ্রমিকের। জানা গিয়েছে, রাত প্রায় ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তখন শ্রমিকরা সেতুর ওই অংশের নীচে ঘুমিয়ে ছিলেন। আচমকা ঝড়-বৃষ্টির মধ্যেই সেতুর একটি অংশ ধসে পড়ে তাঁদের উপর।
ঘটনার পরেই উদ্ধারকাজে নামে এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন। এখনও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে বাঁদা এবং হামিরপুর জেলার শ্রমিকরা রয়েছেন।
যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন লোকেন্দ্র নিষাদ, কুলদীপ নিষাদ, সাওয়ন্ত যাদব, সভাজিৎ, পুষ্পেন্দ্র সিং চৌহান এবং রাজেশ পাল। অন্যদিকে, এখনও পিলারের নীচে আটকে রয়েছেন অবধেশ নিষাদ, কল্লু যাদব এবং রাজেশ নিষাদ। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
হামিরপুরের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসা এবং মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তীব্র ঝড়-বৃষ্টির কারণেই সেতুর অংশ ভেঙে পড়েছে। যদিও নির্মাণ সামগ্রীর গুণমান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
Kolkata,West Bengal
