Last Updated:
HPV Vaccination in West Bengal:কেন্দ্রীয় সরকার ১৪ বছর বা তার বেশি বয়সী মেয়েদের জন্য দেশব্যাপী HPV টিকাকরণ অভিযান ঘোষণা করেছে। মেয়েদের জরায়ুমুখের ক্যানসার থেকে রক্ষা করার জন্য HPV টিকার একক ডোজ দেওয়া হবে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী এই টিকা বিনামূল্যে দেওয়া হবে।
কলকাতা: রাজ্যজুড়ে দ্রুত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি এর ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ ১৪ বছর বয়স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে৷ গত ২৮ ফেব্রুয়ারি রাজস্থানের অজমেঢ় থেকে দেশজুড়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷ এই প্রক্রিয়া সাধনের জন্য রাজ্য স্তরে প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে৷ এখন জেলা স্তরে এই প্রশিক্ষণ চলছে৷ তার পর প্রশিক্ষণ শুরু হবে ব্লক স্তরে৷ এই টিকাকরণ কর্মসূচির প্রচার তিন মাস ধরে চলবে সব সরকারি টিকাপ্রদান কেন্দ্রে৷ সরকারি কেন্দ্রে যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে U-WIN (ইউ উইন) অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকের ওটিপির মাধ্যমে অনুমতি নিতে হবে৷
যেহেতু সরকারিভাবে বিনামূল্যে টিকা দেওয়া হবে, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কোনও কারণ দেখিয়ে এক পয়সাও গ্রাহকের কাছ থেকে নিতে পারবে না। কোল্ড চেইন থেকে সংগ্রহ করা টিকা দেওয়া হবে। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে, টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে চিকিৎসক, নার্স, ভ্যাক্সিনেটর ও সংশ্লিষ্ট কর্মীদের রুটিন ইমিউনাইজেশন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিনিধির উপস্থিতিতে এই প্রক্রিয়া করতে হবে।পাশাপাশি HMIS ও U-WIN পোর্টালে তথ্য নথিভুক্তকরণের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ বাধ্যতামূলক। টিকাদান কক্ষ ও টিকা-পরবর্তী পর্যবেক্ষণ কক্ষ থাকতে হবে এবং একমুখী রোগী-প্রবাহ নিশ্চিত করতে হবে। অপেক্ষাকক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা ও সচেতনতামূলক (IEC) উপকরণ প্রদর্শন বাধ্যতামূল করা হবে। টিকাদান কক্ষ হতে হবে আলোক-বাতাস চলাচল উপযোগী এবং হাত ধোওয়ার ব্যবস্থা থাকতে হবে। টিকা নেওয়ার পর প্রত্যেক উপভোক্তাকে অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 20, 2026 12:35 PM IST
