Last Updated:
Indian Railways: রেলমন্ত্রী জানান, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে সারা দেশে ৪,১৪৮টি ROB/RUB নির্মিত হলেও, ২০১৪ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৪,৪৫১টি ROB/RUB নির্মাণ হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে নির্মিত হয়েছে ৫৪৭টি।
কলকাতা: লোকসভায় মালদহের খলতিপুর ও সামসি এলাকায় প্রস্তাবিত রেল ওভারব্রিজ (ROB) নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, লেভেল ক্রসিংয়ের পরিবর্তে রেল ওভারব্রিজ (ROB) ও রোড আন্ডারব্রিজ (RUB) নির্মাণ ভারতীয় রেলের একটি চলমান ও গতিশীল প্রক্রিয়া। ট্রেন চলাচলের নিরাপত্তা, যাত্রী ও সড়ক ব্যবহারকারীদের সুবিধা এবং প্রকল্পের বাস্তবসম্মততা বিবেচনা করে এই প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়।
মালদহের সাংসদ ঈশা খান চৌধুরীর প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, কালিয়াচক-মোথাবাড়ি ব্লক রোডে এলসি গেট নং ৪৯/এসপিএল-এর পরিবর্তে খলতিপুর-চামাগ্রাম স্টেশনের মধ্যে রেল ওভারব্রিজ নির্মাণের প্রকল্পটি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ রেল তহবিল থেকে অনুমোদিত হয়েছে। বর্তমানে প্রকল্পের জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং (GAD) তৈরির কাজ চলছে।
এছাড়া ১ জুন, ২০২৬ পর্যন্ত ভারতীয় রেলে মোট ৪,৯৯৩টি ROB/RUB প্রকল্প প্রায় ১.১৭ লক্ষ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত হয়েছে। পশ্চিমবঙ্গে ৮,০৬০ কোটি টাকা ব্যয়ে ৩৬৩টি প্রকল্প বিভিন্ন পর্যায়ে রয়েছে।
রেলমন্ত্রী বলেন, ROB/RUB প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়া নির্ভর করে রাজ্য সরকারের সহযোগিতা, লেভেল ক্রসিং বন্ধের অনুমতি, GAD অনুমোদন, জমি অধিগ্রহণ, অবৈধ দখল উচ্ছেদ, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা স্থানান্তর, বিভিন্ন দফতরের ছাড়পত্র, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আবহাওয়াজনিত কারণে কাজের উপযোগী সময়ের মতো একাধিক বিষয়ের উপর। তাই প্রকল্পের নির্দিষ্ট সময়সীমা এই সব বিষয়ের উপর নির্ভরশীল।
