Last Updated:
Kolkata Municipality: এদিন কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে কালীঘাটের কার্যালয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও বেশ কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন বলে সূত্রের খবর৷ সব মিলিয়ে রাজ্যের পালাবদলে পুরসভাগুলিতেও দেখা দিয়েছে ‘ডামাডোল’৷
কলকাতা: এলাকার উন্নয়ন করতে মেয়রকে এড়িয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে বিশেষ বৈঠক বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খানের। বিধায়কের অভিযোগ, এলাকায় এতদিন এই বোর্ড শুধু পুকুর বোজানোর কাজ করেছে। জল নিকাশি থেকে শুরু করে উন্নয়ন কিছু হয়নি।’’
বিধায়ক ইন্দ্রনীল খান বলেন, ‘‘তাই যেখানে কিআইপি কাজ হচ্ছে এবং বর্ষা আসছে বেহালা বেশ কিছু অঞ্চল জলমগ্ন থাকে কীভাবে সাময়িক পরিকল্পনা এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা যায় তাই নিয়ে কমিশনার ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি। এতদিন যারা কোনও কাজ করেনি (মেয়র ও বোর্ড) তাদের সঙ্গে আলোচনা করে আর কী হবে?’’
কলকাতা পুরসভার সেমিনার হলে এই বৈঠকে কলকাতা পুরসভার বিভিন্ন দফতরের আধিকারিকরা যেমন ছিলেন কলকাতা এনভারমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট অর্থাৎ কেইআইপি প্রজেক্টের আধিকারিকরাও ছিলেন। উল্লেখ্য জোকার সহ বেহালার বিভিন্ন এলাকায়কেই আইআইপির প্রজেক্টের ও নিকাশি সহ বড় বড় কাজ হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার সারাদিন ধরেই কলকাতা পুরসভা নিয়ে চলেছে ডামাডোল৷ বহস্পতিবার কলকাতা পুরসভার অধিবেশন স্থগিত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ বদল করা হয় পুরসভার সচিবকেও৷ রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই, কলকাতা পুরসভায় কমিশনার স্মিতা পাণ্ডে বনাম মেয়র ফিরহাদ হাকিম ঠান্ডা লড়াই নিয়ে জল্পনা চলছিল পুরসভার অন্দরে।
বৃহস্পতিবার কলকাতা পুরসভার সদ্য–প্রাক্তন সচিব স্বপনকুমার কুণ্ডুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে কলকাতা পুরসভার ৫৪–তম বৈঠক স্থগিত রাখা হল। এর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুরসভার সচিবকে স্টেট গেজে়টিয়ার্স বিভাগের ওএসডি করে পাঠানো হয়। তাঁর জায়গায় কলকাতা পুরসভার নতুন সচিব হয়েছেন কিশোরকুমার বিশ্বাস। তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের দায়িত্বে ছিলেন।
