Last Updated:
২০১০ সালে ভারত ছাড়ার পর থেকে ললিত মোদি দীর্ঘদিন বিদেশে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ একাধিক তদন্ত চললেও, সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়ের পর তাঁর সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।
নয়াদিল্লি: প্রায় ১৬ বছর পর ভারতে ফেরার ইচ্ছার কথা জানালেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। ২০১০ সালে দেশ ছাড়ার পর এই প্রথম ভারতে ফেরার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানালেন তিনি। ২০০৯ সালের আইপিএলের দক্ষিণ আফ্রিকা আয়োজন সংক্রান্ত FEMA (Foreign Exchange Management Act) মামলায় সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায় তাঁর পক্ষে যাওয়ার পরই এই ঘোষণা করেছেন ললিত মোদি।
রায়ের প্রতিক্রিয়ায় ললিত মোদি বলেন, “গতকালের রায়ে আমি অত্যন্ত খুশি। ১৬ বছর ধরে আমি আইনি লড়াই চালিয়ে গিয়েছি। এতদিন যা বলে এসেছি, শেষ পর্যন্ত সেটাই সত্য প্রমাণিত হয়েছে।”তিনি আরও দাবি করেন, আইপিএলের স্বার্থই সবসময় তাঁর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। তাঁর কথায়, “আমি শুধুমাত্র আইপিএলের ভালোর কথাই ভেবেছি। এখন সেই অধ্যায় শেষ হয়েছে। জীবনে নতুন করে এগিয়ে যেতে চাই এবং ভারতে ফেরার অপেক্ষায় আছি।”
দেশে ফেরার সময় নিয়ে ললিত মোদি জানান, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে তিনি ভারতে ফিরতে পারেন। তিনি বলেন, অক্টোবরে তাঁর মেয়ের সন্তান জন্মানোর কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এরপরই তিনি ভারতে ফিরবেন। ২০১০ সালে ভারত ছাড়ার পর থেকে ললিত মোদি দীর্ঘদিন বিদেশে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ একাধিক তদন্ত চললেও, সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়ের পর তাঁর সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান ছিলেন ললিত মোদি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সফল টি-২০ ক্রিকেট লিগ হিসেবে আইপিএলকে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে তাঁর কার্যকালের শেষদিকে একের পর এক বিতর্ক সামনে আসে। ২০১৩ সালে শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করে।আইপিএলের প্রাথমিক সাফল্যের অন্যতম কারিগর হিসেবে যেমন ললিত মোদির নাম ইতিহাসে রয়েছে, তেমনই ক্রিকেট প্রশাসন সংক্রান্ত একাধিক বিতর্কের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, স্বার্থের সংঘাত (Conflict of Interest), আর্থিক অনিয়ম, ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ এবং সম্প্রচার স্বত্ব (Broadcasting Rights) সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে বিসিসিআই তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে এবং আজীবনের জন্য ক্রিকেট প্রশাসনের কোনও পদে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
