Last Updated:
Malda Litchi Cultivation Tips: আমের জেলা মালদহে এবার লিচু চাষে বিপ্লব। কৃষি বিজ্ঞানীদের দেওয়া বিশেষ টিপসে বদলে যাচ্ছে কালিয়াচক ও রতুয়ার লিচু বাগানগুলির ছবি। পোকামাকড় মুক্ত ও মিষ্টি লিচু পেতে এখন ‘ফ্রুট ব্যাগ’ প্রযুক্তিই ভরসা চাষিদের। এর ফলে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে বাড়বে রফতানির সুযোগ।
মালদহ, জিএম মোমিন: আমের পাশাপাশি লিচুর জন্যও বিশেষ খ্যাতি রয়েছে মালদহ জেলার। প্রতি বছর আমের মরশুমের সঙ্গেই জেলাজুড়ে শুরু হয় লিচুর মরশুম। মূলত কালিয়াচকের তিনটি ব্লক ও রতুয়া এবং ইংরেজবাজার এলাকায় ব্যাপক পরিমাণে লিচু চাষ হয়ে থাকে। এর মধ্যে কালিয়াচক এলাকাতেই সবচেয়ে বেশি লিচুর উৎপাদন হয়। ইতিমধ্যেই গুটি অবস্থায় আসতে শুরু করেছে লিচু, আর মরশুমের শুরু থেকেই পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা।
তবে শুধুমাত্র পরিচর্যা করলেই যে উন্নতমানের ফলন পাওয়া সম্ভব, তা নয়। আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে কৃষিকাজের পদ্ধতিও। বিশেষ করে ফল সংরক্ষণ ও গুণগত মান উন্নত করার ক্ষেত্রে এসেছে নতুন নতুন উপায়। সেই দিশাই এবার দেখাল মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। বিদেশে রফতানিযোগ্য ও উচ্চমানের লিচু উৎপাদনের লক্ষ্যে চাষিদের বিশেষ ‘ফ্রুট ব্যাগ’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা। এই বিশেষ ব্যাগ লিচুর গুচ্ছের উপর লাগিয়ে দিলেই ফলকে রক্ষা করা সম্ভব হবে ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে। ফলে আলাদা করে কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন পড়বে না। পাশাপাশি লিচু হবে আরও স্বাস্থ্যকর, মিষ্টি ও সুস্বাদু। এ প্রসঙ্গে ফল বিশেষজ্ঞ ডঃ শিবম জানান, “মালদহে বোম্বাই, শাহি-সহ একাধিক নামী প্রজাতির লিচুর চাষ হয়। প্রতিবছর জেলার কয়েক টন লিচু ভিনরাজ্যে যায়। অনেক সময় কাঙ্ক্ষিত গুণমান না থাকায় চাষিরা সঠিক দাম পান না। সেই সমস্যার সমাধান করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমের মতো লিচুর ক্ষেত্রেও এখন ফ্রুট ব্যাগ ব্যবহার করা সম্ভব। এই বিশেষ ব্যাগ ব্যবহারের ফলে ফলের গুণমান বাড়বে, পোকামাকড়ের আক্রমণ কমবে এবং পরিচর্যার জন্য অতিরিক্ত সময় বা কীটনাশকের প্রয়োজন হবে না। এতে উৎপাদিত লিচু হবে সম্পূর্ণ স্বাস্থ্যকর। পাশাপাশি বাজারে সাধারণ লিচুর তুলনায় দ্বিগুণ দাম পাওয়ার সম্ভাবনাও থাকবে।”
Maldah,West Bengal
May 12, 2026 12:33 PM IST
Litchi Cultivation Tips: লিচু হবে লাল টুসটুসে চিনির মতো মিষ্টি, ঘেঁষবে না পোকামাকড়ও! কৃষি বিজ্ঞানীর নতুন টিপসে ব্যাপক লাভের সুযোগ চাষিদের