Last Updated:
Lotus Price Hike: সাধারণত শরৎকালে পদ্মফুলের চাহিদা থাকলেও, বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কারণে গ্রীষ্মেই বাজারে পদ্মের আকাল। রাজনৈতিক শুভেচ্ছা বিনিময়ের প্রধান অনুষঙ্গ হয়ে ওঠায় কোলাঘাট ও পাঁশকুড়ার ফুল চাষিদের ঘরে অকাল বসন্তের ছোঁয়া লেগেছে।
কোলাঘাট, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাটকে বলা হয় বলা হয় ফুলের হাব। অন্যান্য ফুলের পাশাপাশি জলাশয়ে পদ্মফুল চাষ করেন ফুল চাষিরা। মূলত শরৎকালে চড়া দামে বিক্রি করার আশায় পদ্ম চাষ হয় কোলাঘাট ও পাঁশকুড়ায়। সাধারণত নীল আকাশ আর সাদা মেঘের ভেলা যখন শরতের আগমনী বার্তা জানায়, তখনই উৎসবের মরশুমে পদ্মফুলের চাহিদা তুঙ্গে ওঠে। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনা আর রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট সব মিলিয়ে চলতি তীব্র গ্রীষ্মেও বাজারে পদ্মফুলের দাম এখন আকাশছোঁয়া। অসময়ে পদ্মফুলের এই ‘রাজকীয়’ দাম দেখে হাসি ফুটেছে রাজ্যের পদ্মচাষি ও বিক্রেতাদের মুখে।
বাজারে পদ্মফুলের এই আকস্মিক চাহিদা বৃদ্ধির পিছনে কোনও ধর্মীয় উৎসব নয়, বরং কাজ করছে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল। রাজ্যে নতুন সরকার গঠনের পর শাসক দলের অন্দরে এখন উৎসবের মেজাজ। নবনিযুক্ত বিধায়ক থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে পদ্মফুল। শুভেচ্ছা বিনিময় বা সংবর্ধনা সভায় এখন তোড়া ভর্তি পদ্মফুলের কদর সবচেয়ে বেশি। আর এই রাজনৈতিক চাহিদাই সাধারণ সময়ের সমীকরণ বদলে দিয়েছে। পাইকারি ও খুচরো—উভয় বাজারেই পদ্মফুলের অভাবনীয় টান পড়েছে।
চাষিদের চোখেমুখে স্বস্তির হাসি। প্রখর রোদে যেখানে সাধারণ চাষবাস করতে কালঘাম ছুটছে কৃষকদের, সেখানে পদ্ম চাষে মিলছে বিপুল লাভের দিশা। চাষিদের মতে, বছরের এই সময়ে সাধারণত পদ্মের চাহিদা কম থাকে, ফলে দামও থাকে নাগালের মধ্যে। কিন্তু বর্তমানে প্রতিটি ফুলের দাম সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির কারণে ফুলের এমন চাহিদা তাঁদের লাভের অঙ্ক বাড়িয়ে দিয়েছে। দাম ভাল পাওয়ায় অনেক চাষিই এখন বিজ্ঞানসম্মত উপায়ে অসময়ে পদ্ম চাষে আরও বেশি উৎসাহী হয়ে উঠছেন।
খুচরো বিক্রেতারা জানাচ্ছেন, আগে এই সময়ে যে পদ্মফুল যে ফুল ১ থেকে ৩ টাকায় পাওয়া যেত, এখন তার দাম মানভেদে ১০ থেকে ১৫ টাকা ছাড়িয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বড় মাপের পদ্মফুলের জন্য আরও চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। তা সত্ত্বেও খদ্দেরের অভাব নেই। বিশেষ করে দলীয় কার্যালয় সংলগ্ন ফুলের দোকানগুলোতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন কর্মীরা। প্রকৃতির নিয়মে গ্রীষ্মকাল পদ্মফুলের ভরা মরশুম না হলেও, রাজনৈতিক ‘বসন্ত’ ফুলচাষিদের ভাগ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। রোদ-গরম উপেক্ষা করে বিল-ঝিল থেকে পদ্ম তুলে বাজারে পাঠাতে ব্যস্ত চাষিরা।
Purba Medinipur,West Bengal