Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন দাবি করেছেন, তৃণমূলকে জোর করে হারানো হয়েছে৷ তাই তিনি রাজ ভবনে গিয়ে পদত্যাগ করবেন না৷
গতকাল ভোটের ফল ঘোষণার পর থেকেই বিজেপি-র বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা, দখল নিয়ে নেওয়ার অভিযোগ উঠছে৷ তৃণমূলের নেতা, কর্মীদের উপরেও আক্রমণের অভিযোগ উঠেছে৷ ব্যারাকপুরে গণনাকেন্দ্রেই মারধর করা হয় নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে৷
মঙ্গলবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন৷ তাঁর অবশ্য দাবি, ২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর এই পরিস্থিতি হয়নি৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন সন্ত্রাস ও অত্যাচার আমি দেখিনি। আমার সঙ্গে যে মেয়েটা থাকে, তাঁর পরিবারকে বীভৎস অত্যাচার করেছে। রাজ্যের নানা প্রান্তে বিজেপি চরম অত্যাচার করছে। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। বদল চাই, বদলা নয় আমি বলেছিলাম। আমরা সিপিএমের অফিস দখল করিনি। তৃণমূল কংগ্রেস ভবন ও অভিষেক বন্দোপাধ্যায়ের আমতলা অফিস আক্রমণ হয়েছে। এরা কী অত্যাচার করছে দেখুন। সিআরপিএফ দিয়ে কী করছে দেখুন। বাহিনী গুন্ডার মতো আচরণ করছে।’
প্রাক্তন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘আমাদের অনেককে বিজেপিতে যোগ দিতে বলেছে। তাঁরা তাঁদের সুরক্ষার জন্য যোগ দিতে পারে। আমি আটকাব না। আমরাও একটা কৌশল নিচ্ছি। সেটা সময়ে জানাব। দশ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ছি। তাঁরা আক্রান্ত এলাকায় যাবেন। আমাদেরও অনেকে নির্বাচিত হয়েছে। তাই জেনে রাখুন ইতিহাস সব ফিরিয়ে দেয়। এটা ইতিহাসের কালো দিন।’
Kolkata,West Bengal
