Last Updated:
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনয়নের অন্যতম প্রস্তাবক এবং কাউন্টিং এজেন্ট বাবলু সিংয়ের বাড়িতে এসে হামলার অভিযোগ। কালীঘাট থানা এলাকার শাখারি পাড়ার এক আবাসনে থাকেন বাবলু সিং।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনয়নের অন্যতম প্রস্তাবক এবং কাউন্টিং এজেন্ট বাবলু সিংয়ের বাড়িতে এসে হামলার অভিযোগ। কালীঘাট থানা এলাকার শাখারি পাড়ার এক আবাসনে থাকেন বাবলু সিং। অভিযোগ, রাত ১ টা থেকে ১:৩০ টা নাগাদ জনা কয়েক দুষ্কৃতী আবাসনে ঢুকে পড়ে৷ অভিযোগ, বাবলু সিংয়ের স্কুটি রাস্তায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে৷
সূত্রের খবর, এরপর তিন তলায় বাবলু সিং যে ফ্ল্যাটে থাকেন সেখানে গিয়ে দরজায় ধাক্কা দেয় দুষ্কৃতীরা এবং গালিগালাজ করে বলে অভিযোগ৷ এছাড়া আবাসনের সামনে তৃণমূলের পোস্টার প্ল্যাকার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷
প্রসঙ্গত, গতকালই হয়েছে বঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ গোটা বাংলায় ঘাসফুলের চিহ্ন মুছে পদ্মের ঝড়৷ বাংলায় তৃণমূলের বিদায়, বাংলায় প্রতিষ্ঠিত হবে বিজেপি শাসন৷ প্রসঙ্গত, ভবানীপুরেও পরাজিত হয়েছেন তৃণমূলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পরাজিত করে ভবানীপুরে জয়ী বিজেপির শুভেন্দু অধিকারী৷
১৫,১১৪ ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ঘরের মেয়ে। অথচ সেই নিজের ঘরেই হারতে হল! পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন মমতা। কিন্তু এবার নিজেরই আসনে পরাস্ত হলেন তৃণমূলনেত্রী। নিজের আসন ভবানীপুরকে ‘বড়বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজোবোন’ বলে সম্বোধন করেন মমতা। ‘মেজোবোনের’ কাছে পাঁচ বছর আগেই হেরেছিলেন, হারিয়েছিল শুভেন্দু অধিকারীই। এবার ‘বড়বোন’ ভবানীপুরেও হারলেন তিনি। এবারও হারালেন সেই শুভেন্দুই। ইতিমধ্যেই নন্দীগ্রামে সার্টিফিকেট নেওয়ার জন্য হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী
Kolkata,West Bengal
May 05, 2026 11:37 AM IST
