Last Updated:
এ দিন পদ্মপুকুর থেকে তৃণমূলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীর স্কুটিতে চেপে পদ্মপুকুর থেকে রওনা দেন মমতা৷ প্রথমে শোনা যায়, কুণালদের ছাডা়তে লালবাজারেই যাচ্ছেন মমতা৷
রৌনক দত্ত চৌধুরী ও অমিত সরকার, কলকাতা: অনুমতিবিহীন মিছিল থেকে গ্রেফতার হওয়া দলের বিধায়ক কুণাল ঘোষ এবং তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কে ছাডা়তে স্কুটিতে চড়ে লালবাজারে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমন খবর ছড়িয়ে পড়তেই কার্যত দুর্গে পরিণত হল লালবাজার৷ বিরাট পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় কলকাতা পুলিশের সদর দফতর৷
এ দিন সিআইটি রোডের পদ্মপুকুর এলাকা থেকে নিট বিরোধী মিছিল করার জন্য পুলিশের অনুমতি চেয়ে আবেদন করে তৃণমূল ছাত্র পরিষদ৷ যদিও সেই অনুমতি দেয়নি পুলিশ৷ মিছিলের অনুমতি চেয়ে এর পর কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল ছাত্র পরিষদ৷ সেই আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ তৃণমূল ছাত্র পরিষদকে মিছিলের অনুমতি দেয়নি হাইকোর্টও৷
তবে আদালত অনুমতি না দিলেও পদ্মপুকুরে জমায়েত করতে থাকেন কালীঘাটপন্থী তৃণমূলের নেতা এবং কর্মীরা৷ আটক করা হয় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে৷ মিছিল করা নিয়ে বচসা শুরু হয় পুলিশ এবং তৃণমূল নেতাদের৷ এরই মধ্যে ঘটনাস্থলে এসে হাজির হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূলনেত্রীর সঙ্গেও পুলিশের কথা কাটাকাটি হয়৷ কিছুক্ষণ পদ্মপুকুরে থাকার পর দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীর স্কুটারে চেপে বসেন মমতা৷ মমতাকে নিয়ে সিআইটি রোড ধরে পার্ক সার্কাসের দিকে এগোতে থাকে উপাসনার স্কুটি৷ অন্য কয়েকটি মোটরসাইকেল, স্কুটিতে ছিলেন তৃণমূলের কিছু কর্মী-সমর্থক৷ পার্ক সার্কাস, এজেসি বোস রোড হয়ে এক্সাইড মোড়ের দিকে এগোতে থাকে স্কুটি৷
এ দিকে মমতা স্কুটিতে রওনা দিতেই খবর ছড়িয়ে পড়ে তিনি লালবাজার যাচ্ছেন৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাল বাহিনী দিয়ে লালবাজার ঘিরে ফেলা হয়৷ মূল গেটে শেকল দিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ৷ লালবাজার চত্বরে এসে পৌঁছন দুই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন৷ কুণালকে ছাড়াতে লালবাজারে ঢুকে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চান ডেরেক৷ যদিও পুলিশ সেই অনুমতি দেয়নি পুলিশ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান ডেরেক৷
তবে ডেরেক- দোলারা লালবাজারে পৌঁছলেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য লালবাজারে আসেননি৷ এক্সাইড মোড় থেকে ডান দিকে না ঘুরে বাঁদিকে ঘুরে যায় উপাসনার স্কুটি৷ লালবাজারের বদলে কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন তৃণমূলনেত্রী৷ স্বস্তি ফেরে লালবাজারেও৷
Kolkata,West Bengal
