Last Updated:
Nadia News: শান্তিপুরের কে.সি. দাস রোডের গোভাগার মোড় এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধা। একটি দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকও উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা নর্দমার মধ্যে বাইকটি পড়ে থাকতে দেখেন। কিছুটা দূরে নর্দমার জলে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরের কে.সি. দাস রোডের গোভাগার মোড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত দেহ উদ্ধার হয়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি মোটরবাইক নর্দমার মধ্যে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু দূরে নর্দমার জলের মধ্যে মাথা ডুবিয়ে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
সূত্রাগর অঞ্চলে আজ রবিবার তাঁত কাপড়ের হাট হওয়ার কারণে, পথ চলতি সাধারণ মানুষের সংখ্যা ছিল অনেক বেশি, এছাড়া ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান বিষয়টি দেখতে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি নর্দমায় পড়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দিনের পর দিন বেড়েই চলেছে বাইক দুর্ঘটনার সংখ্যা। শহর থেকে গ্রাম, জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বাইক দুর্ঘটনার খবর সামনে আসছে।
আর এই দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে একের পর এক তরতাজা প্রাণ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকের মতে, বাইক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বেপরোয়া গতি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। বিশেষ করে রাতের দিকে ফাঁকা রাস্তা পেয়ে অতিরিক্ত গতিতে বাইক চালানোর প্রবণতা দেখা যাচ্ছে একাংশের যুবকদের মধ্যে। পাশাপাশি হেলমেট না পরা, ট্রাফিক আইন অমান্য করা এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করার কারণেও ঘটছে দুর্ঘটনা।
Nadia,West Bengal
