Last Updated:
NEET UG 2026 Success Story: উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নেওয়ার পর এবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET-UG)-তেও অভাবনীয় সাফল্য পেল বীরভূমের সিউড়ির ছাত্র শুভায়ন মণ্ডল। ৬৬০ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে ৮৬৭তম র্যাঙ্ক অর্জন করেছে সে। উচ্চমাধ্যমিকের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে প্রথম বারেই এই সাফল্য তুলে নিল সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের এই কৃতী পড়ুয়া।
সিউড়ি, বীরভূম: উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অর্জন করে আগেই তাক লাগিয়ে দিয়েছিল বীরভূমের সিউড়ির কল্পতরু পল্লীর মেধাবী ছাত্র শুভায়ন মণ্ডল। এবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET-UG)-তেও অসাধারণ সাফল্য লাভ করে ফের শিরোনামে সে। সর্বভারতীয় স্তরে ৮৬৭তম র্যাঙ্ক (স্কোর ৬৬০) অর্জন করে গোটা বীরভূম জেলা তথা রাজ্যকে গর্বিত করেছে শুভায়ন।
সিউড়ির পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল-এর এই কৃতী ছাত্রের ধারাবাহিক সাফল্যে এখন আহ্লাদে আটখানা তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার মানুষজন। এমন নজরকাড়া ফলাফলের পর সরকারি মেডিক্যাল কলেজে তার ভর্তি প্রায় সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। যদিও কাউন্সিলিং হওয়ার পর বোঝা যাবে কোথায় সুযোগ পাচ্ছে সে।
কেবল চমৎকার ফলই নয়, নিজের এলাকার প্রতি শুভায়নের দায়বদ্ধতা ও সামাজিক দৃষ্টিভঙ্গিও সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। সিউড়ি ও বীরভূমের উন্নত চিকিৎসার সীমাবদ্ধতার কারণে সাধারণ, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষদের প্রায়শই চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে হয়। শুভায়ন জানিয়েছে, ডাক্তারি পড়া শেষে সে নিজের সাধ্যমতো সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার এই সমস্যা দূর করতে চায় এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায়। পড়াশুনার ক্ষেত্রে শুভায়ন আগামী প্রজন্মকে পরামর্শ দিয়েছে, ড্রপ দিয়ে নয়, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি NEET-UG প্রস্তুতিও চালাতে হবে, যেটাই সে করে দেখিয়েছে।
Birbhum,West Bengal
