Last Updated:
Nisith Pramanik on North Bengal: ভোটের ইস্তেহারের প্রতিশ্রুতি মনে করিয়ে উত্তরবঙ্গে উন্নয়নের রূপরেখা দিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গের জন্য কী কী প্ল্যান? জানুন…
কলকাতা: নির্বাচনের আগে প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে এবার উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক।
তিনি বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের মনের ব্যথা বোঝার উপায় ছিল না। একাশি দিনের সরকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাত বার উত্তরবঙ্গে গিয়েছেন, তবে বেড়াতে নয়, কাজ করতে। তাঁর দাবি, আগের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনিক বৈঠকে গেলেও উন্নয়নের কথা বলতেন, কিন্তু মনে চলত বিভাজনের রাজনীতি।’
মন্ত্রীর আশ্বাস, ‘মালদহ ও দুই দিনাজপুরকে সমান গুরুত্ব দেওয়া হবে। ১০০ পর্যটন তথ্য কেন্দ্র হবে। হোম স্টে, ফুড প্লাজা, সেখানকার বিখ্যাত জিনিস প্রদর্শন ও বিক্রি করা হবে। এলিভেটেড পর্যটন কেন্দ্র ও রিফ্রেশমেন্ট সেন্টার হবে। বিগত সরকার জায়গা দেয়নি বলে ল্যান্ড পোর্ট হয়নি। এখন সরকার ল্যান্ড পোর্ট করবে। এর ফলে বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান হবে। দার্জিলিংয়ে ট্রমা কেয়ার সেন্টার হতে চলেছে। অসম-বাংলা সীমান্তে নয়া তোরণ হবে। যেখানে রাজ্যের গরিমা দেওয়া থাকবে।’
মন্ত্রীর আরও আশ্বাস, ‘সব জেলায় কমিউনিটি হল-সহ ইন্ডোর স্টেডিয়াম হবে। সান্দকফুতে কন্টেনার হোম তৈরি হবে। পাহাড়ে গাড়ি পার্কিং কষ্টকর। যানজট এড়াতে হাইড্রোলিক পার্কিং সেন্টার হবে। চলচ্চিত্র শিল্পের জন্যে শ্যুটিংয়ের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম করা হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ঢেলে সাজানো হবে। পাশাপাশি, গাজোল বা চাঁচলে হবে স্টেডিয়াম। উত্তরের প্রাণ হল উত্তরের গান। তার জন্যে আলাদা সংরক্ষণ ব্যবস্থা হবে। শিলিগুড়িতে আনারস হাব আছে। মালদহতেও বিশ্বমানের মার্কেট হবে আম নিয়ে। রাস্তার কাজ দ্রুত শুরু হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দুর্নীতির আখড়া হয়ে গিয়েছিল। ১২২ এজেন্সিকে শোকজ করা হয়েছে ও ব্ল্যাক লিস্টেড হয়েছে। সব বিধানসভার জন্য সমবন্টন হবে।’
আবীর ঘোষাল
Kolkata,West Bengal
