Last Updated:
Papiya Adhikari: টলিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে এবার হার মানলেন অরূপ বিশ্বাস৷ তৃণমূলের দাপুটে নেতা অরূপ বিশ্বাস৷ এবার অবিশ্বাস্য ভাবে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকরী জয়ী হয়েছেন৷ শুরুতে পাপিয়ার থেকে কিছুটা এগিয়েছিলেন অরূপ। কিন্তু পঞ্চম রাউন্ডের গণনার পর থেকে হিসাব উল্টে যায়৷
কলকাতা: টলিগঞ্জের মতো হেভিওয়েট কেন্দ্রে এবার হার মানলেন অরূপ বিশ্বাস৷ তৃণমূলের দাপুটে নেতা অরূপ বিশ্বাস৷ টলিগঞ্জ কেন্দ্র এবং টলিউড অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়৷ এবার এই কেন্দ্রে তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ তিনি প্রথম থেকেই বলেছিলেন যে তিনি টলিউডের সদস্য এবং শুধু টলিগঞ্জ কেন্দ্র নয়, টলিউডে বদল আনবেন তিনি৷
এবার অবিশ্বাস্য ভাবে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকরী জয়ী হয়েছেন৷ শুরুতে পাপিয়ার থেকে কিছুটা এগিয়েছিলেন অরূপ। কিন্তু পঞ্চম রাউন্ডের গণনার পর থেকে হিসাব উল্টে যায়। পঞ্চম রাউন্ডের গণনায় অরূপকে ছাপিয়ে পাপিয়া এগিয়ে যান ৬২৪ ভোটে। অন্তিম পর্যায়ের গণনায় ৬০১৩ ভোটের ব্যবধানে জয়ী টলিউডের বিবি পায়রা পাপিয়া। তাঁর মোট প্রাপ্ত ভোট ৮৮৪০৭। অরূপের প্রাপ্ত ভোট ৮২৩৯৪।
নাম ঘোষণার পরই চারবারের জেতা এমএলএ এবং এবারের প্রতিপক্ষ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন টলিউডের বিবি পায়রা। টালিগঞ্জ মানেই টলিপাড়া৷ এই কেন্দ্রে টালিগঞ্জ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্ব তো রয়েছে৷ সেখানে টেকনিশিয়ান এবং ফিল্মের সঙ্গে যুক্ত কর্মীদের নানা অভাব অভিযোগ রয়েছে৷ যা নিয়ে প্রায়শই তৈরি হয় বিতর্ক৷ এবার সেই কেন্দ্রে একসময়ের নামী নায়িকা পাপিয়া অধিকারী বিজেপির প্রার্থী৷ প্রার্থী পদ পেয়েই পাপিয়া বলছিলেন, ওরা বলে’খেলা হবে খেলা হবে’…. আমরা মনে করি রাজনীতিটা কোনও খেলা নয়। এটা সচেতন ভাবে করা উচিত। শিল্প নেই, কাজ নেই, টালিগঞ্জ কেন্দ্র কোথাও যেন বৃদ্ধাশমে পরিণত হয়েছে। ফলে প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি, তা করে দেখালেন৷
১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে শুরুতে তিনটি আসন থাকলেও ১৯৫৭ সাল থেকে এটি একটি একক আসনে পরিণত হয়। এই কেন্দ্রটি একসময় বামপন্থীদের দুর্ভেদ্য দুর্গ ছিল। সিপিআই(এম)-এর প্রশান্ত সুর ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা এই আসনের বিধায়ক ছিলেন। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস প্রথমবার এই আসনে জয়ী হন। সেই থেকে গত দুই দশকের বেশি সময় ধরে কেন্দ্রটি তৃণমূলের দখলেই রয়েছে। তবে এবার সেই ধারা এবার বদল হল৷
Kolkata,West Bengal
May 04, 2026 11:28 PM IST
