Last Updated:
Rajesh Sharma: গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা৷ মঙ্গলবার রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি৷ অভিনেতার সঙ্গে দেখা করতে গেলেন ক্রীড়া ও যুব বিষয়ক এবং উপভোক্তা বিষয়ক দফতরের মাননীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. ইন্দ্রনীল খাঁ।
কলকাতা: জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা ন৷ মঙ্গলবার রাতে হায়দরাবাদে ছবির শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা৷ জানা যায়, শ্যুটিং করার সময় বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে৷ তড়িঘড়ি সেখান থেকে ফেরার পর অভিনেতাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারকা৷ আজ,শুক্রবার অভিনেতার সঙ্গে দেখা করতে গেলেন ক্রীড়া ও যুব বিষয়ক এবং উপভোক্তা বিষয়ক দফতরের মাননীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. ইন্দ্রনীল খাঁ।
রাজেশ শর্মাকে দেখতে গিয়ে অভিনেতাকে হাতে ফুলের তোড়া উপহার দেন ইন্দ্রনীল খাঁ৷ অভিনেতাকে দেখার পর তিনি বলেন, ‘প্রখ্যাত অভিনেতা শ্রী রাজেশ শর্মা মহাশয়কে দেখতে আজ ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে এসেছি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে উনার দ্রুত শারীরিক সুস্থতার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করলাম। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তাঁর কামনা করলেন৷ ধীরে ধীরে অভিনেতা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ তিনি আরও বলেন, যেকোনও প্রয়োজনে উনি আমাদের পাশে পাবেন৷ ‘
সুদীপা ও অগ্নিদেব জানিয়েছিলেন,হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের সঙ্গে শ্যুটিং চলাকালীন কোনও বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ায় রাজেশ শর্মাকে। শট দেওয়ার পর কলাকুশলীদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ ও টিমের অন্যান্য সদস্যরা৷ ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি৷ তখনই অভিনেতা বুঝতে পারেন , তাকে কোনও একটা পোকা কামড়েছে৷ কিন্তু এটা যে এতটা গুরুতর হতে পারে, সেটা তখনই বুঝতে পারেননি৷ বিষয়টি পাত্তা না দিয়ে চিকিৎসকের সঙ্গে কোনওরকম পরামর্শ না করেই কলকাতায় ফিরে আসেন তিনি। তার ঠিক ৬ ঘণ্টা পরই অভিনেতার পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়৷ তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে৷ সেখানেই চলছে অভিনেতার চিকিৎসা৷ অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা৷
অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন আগের চাইতে ঠিক আছেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সব ঠিক থাকলে, আগামীকাল শনিবার তাঁকে ছেড়েও দেওয়া হবে হাসপাতাল থেকে। তবে তাঁর আপ্ত সহায়ক শুভাশিস পান্ডা জানিয়েছেন, বিষাক্ত পোকার কামড় নয় হঠাৎই সুগার বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। তার ফলে পায়ের চামড়ার ওপরে ক্ষত তৈরি হয়, যা থেকে ইনফেকশন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
Kolkata,West Bengal
