Last Updated:
Rajesh Sharma Health Update: জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মাকে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে৷ হাসপাতাল সূত্রে খবর, এখনও পুরোপুরি সঙ্কটমুক্ত নন অভিনেতা৷ জ্বর আসছে, কমেনি শ্বাসকষ্ট৷ সংক্রমণও ক্রমশ ছড়িয়ে পড়েছে৷
কলকাতা: গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা৷ মঙ্গলবার রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি৷ জানা যায়, বিষাক্ত মাকড়সার কামড়ে এই পরিণতি হয়েছে অভিনেতা৷ তড়িঘড়ি অভিনেতাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ এখনও সেখানেই চিকিৎসাধীন তারকা৷ একদিন কেটে গেলেও কাটেনি বিপদ, এখন কেমন আছেন অভিনেতা?
হাসপাতাল সূত্রে খবর, এখনও পুরোপুরি সঙ্কটমুক্ত নন অভিনেতা৷ জ্বর আসছে, কমেনি শ্বাসকষ্ট৷ সংক্রমণও ক্রমশ ছড়িয়ে পড়েছে৷ রান্নাঘর খ্যাত অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় দু-বেলা করে হাসপাতালে দেখতে আসছেন রাজেশকে৷ সম্প্রতি অভিনেতার স্বাস্থ্য নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন তারা৷
বিবৃতিতে জানা গেছে, হাসপাতালে ভর্তি করার পর ২৪ ঘণ্টা কাটলেও এখনও অভিনেতার জ্বর কমেনি। পাশাপাশি শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়েছে। ডান পায়ে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। ওই বিষাক্ত পোকা পায়ের পাতায় কামড়েছিল বলেই মনে করছেন চিকিৎসকেরা। যার জেরে রাজেশের পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সংক্রমণ। চিকিৎসক জানিয়েছেন, অভিনেতা যে সঙ্কট মুক্ত, সেটা এখনই বলা যাচ্ছে না।

সুদীপা ও অগ্নিদেব জানিয়েছেন,হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে প্রভাসের সঙ্গে শ্যুটিং চলাকালীন কোনও বিষাক্ত পোকা বা মাকড়সা কামড়ায় রাজেশ শর্মাকে। শট দেওয়ার পর কলাকুশলীদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ ও টিমের অন্যান্য সদস্যরা৷ ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি৷ তখনই অভিনেতা বুঝতে পারেন , তাকে কোনও একটা পোকা কামড়েছে৷ কিন্তু এটা যে এতটা গুরুতর হতে পারে, সেটা তখনই বুঝতে পারেননি৷ বিষয়টি পাত্তা না দিয়ে চিকিৎসকের সঙ্গে কোনওরকম পরামর্শ না করেই কলকাতায় ফিরে আসেন তিনি। তার ঠিক ৬ ঘণ্টা পরই অভিনেতার পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়৷ তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে৷ সেখানেই চলছে অভিনেতার চিকিৎসা৷ অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা৷
Kolkata,West Bengal
