Last Updated:
Rath Yatra 2026: রথযাত্রাকে সামনে রেখে রানাঘাটের রামনগর এলাকায় ছোট রথ তৈরির কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে। বিশেষ করে যাঁরা পুরী যেতে পারেন না, তাঁরা বাড়িতেই ছোট রথ টেনে উৎসব পালন করেন। কাঠ, প্লাই, বাঁশ ও বিভিন্ন রঙের সাজসজ্জায় আকর্ষণীয় সব রথ তৈরি করছেন স্থানীয় কারিগররা। গত বছরের তুলনায় এবার ছোট রথের চাহিদাও অনেকটাই বেশি।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রথযাত্রার আগে ব্যস্ততা তুঙ্গে, রানাঘাটে দিন-রাত এক করে ছোট রথ তৈরিতে মগ্ন কারিগররা। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। স্নানযাত্রার পর অসুস্থতা কাটিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। সেই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। বিশেষ করে পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন।
তবে সকলের পক্ষে পুরীতে যাওয়া সম্ভব হয় না। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত রথযাত্রা এবং স্থানীয় উৎসবেই সামিল হন অসংখ্য মানুষ। অনেক পরিবার আবার বাড়িতেই ছোট রথ টেনে ধর্মীয় আচার পালন করেন এবং পুণ্য অর্জনের বিশ্বাসে অংশ নেন এই উৎসবে। আর সেই চাহিদাকে কেন্দ্র করেই বছরভর অপেক্ষা করেন ছোট রথ নির্মাণের সঙ্গে যুক্ত কারিগররা।
বিভিন্ন ক্লাব, পাড়া এবং পরিবারের পাশাপাশি শিশুদের জন্যও ছোট রথ কেনার আগ্রহ চোখে পড়ছে। তাঁদের মতে, নতুন সরকার গঠনের পর এ বছরের রথযাত্রা উৎসবকে ঘিরে মানুষের উৎসাহও কিছুটা বেশি। সেই কারণেই বিক্রির আশায় দিন-রাত এক করে রথ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এখন কারিগরদের একটাই আশা, রথযাত্রার আগে সব রথ বিক্রি হবে। তাতে যেমন উৎসবের আনন্দে সামিল হতে পারবেন সাধারণ মানুষ, তেমনই এই মৌসুমি শিল্পের সঙ্গে যুক্ত বহু পরিবারের মুখেও ফুটবে হাসি।
Nadia,West Bengal