Last Updated:
South 24 Parganas News: সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ল এক কিশোর, কিন্তু হারাতে হল নিজের প্রাণ। গঙ্গায় তলিয়ে যাওয়া কয়েকজন শিশুকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করলেও শেষ পর্যন্ত নিজে তলিয়ে গিয়েছে প্রবল স্রোতে। নাসিম মল্লিকের এই আত্মত্যাগে শোকস্তব্ধ পরিবার ও এলাকা। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গার প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছিল শিশুরা। এই দেখে জলে ঝাঁপ দিয়ে শিশুদের উদ্ধার করলেও নিজে জলে ভেসে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। ওই কিশোরের নাম নাসিম মল্লিক। এই ঘটনায় রাতারাতি সকলের কাছে হিরো হয়ে উঠেছে নাসিম। কিন্তু গঙ্গার জলের তোড়ে ভেসে গিয়ে নাসিম জীবন বিসর্জন দিয়েছে।
জানা গিয়েছে একাদশ শ্রেণীর ছাত্র নাসিম মল্লিকের চোখের সামনে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। ঘাটেই স্নান করতে নেমে তলিয়ে যেতে শুরু করেছে বেশ কিছু বাচ্চা। দেখা মাত্রই আর দেরি করেনি দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম মল্লিক। মুহূর্তেই জলে ঝাঁপ। এক এক করে উদ্ধার করে সব বাচ্চাকেই। কিন্তু, উদ্ধার কাজ শেষ হতে না হতেই দেখা যায় নিজেই তলিয়ে যাচ্ছে নাসিম।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। নদীতে নেমে শুরু হয় তল্লাশি। ততক্ষণে খবর যায় পুলিশের কাছে। এরপর নাসিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাসিমের এই আত্মত্যাগে শোকের ছায়া নেমেছে পরিবারে। শোকের ছায়া গোটা এলাকায়।
ছোট ছোট বাচ্চাদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা এই ছাত্রের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার মানুষ। নাসিম পড়াশোনা করছিল স্থানীয় সারেঙ্গাবাদ স্কুলে। স্থানীয়রা জানিয়েছেন, ফাইভ-সিক্সের কিছু বাচ্চা স্নান করতে নেমেছিল। জোয়ারে কয়েকটা ছেলে তলিয়ে যেতে থাকে। তখনই ৮ নম্বর ওয়ার্ডের ওই ছেলেটা সেটা দেখে ঝাঁপিয়ে পড়ে। বাকিদের তুলেও ফেলে। কিন্তু শেষে নিজেই তলিয়ে যায়। নাসিমের এই আত্মত্যাগে চোখে জল সকলের।
South Twenty Four Parganas,West Bengal
Jun 13, 2026 10:48 AM IST
