Last Updated:
বারুইপুরে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তারাপীঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ তার দিকে জয়নগরের মোয়া ছুঁড়বে না।”
কলকাতা, অক্ষয় দিবারঃ বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনায় পুলিশের পাশে দাঁড়িয়ে মন্তব্য করলেন কেন্দ্রের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুলিশকে লক্ষ্য করে কেউ গুলি ছুঁড়লে পুলিশ তার দিকে জয়নগরের মোয়া ছুঁড়বে না।” পাশাপাশি, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া নিয়েও মন্তব্য করেন তিনি।
বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। পুলিশের দাবি, ক্রাইম সিন রি-কনস্ট্রাকশনের সময় সিট সদস্য রনি সরকারের রিভলবার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে গুলিও চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মণ্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বারুইপুর থানার পুলিশ প্রভাসকে নিয়ে সূর্যপুরের সেই ঘটনাস্থলে যায়, যেখানে নাবালিকার উপর নির্যাতন চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করা হচ্ছিল বলে দাবি পুলিশের। সেই সময়ই এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং একটি গুলি চালায় বলে অভিযোগ। এরপর আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়।
গত রবিবার সকালে সূর্যপুরের ১১ বছরের নিখোঁজ নাবালিকার খোঁজে তল্লাশি চালানোর সময় প্রথম এলাকাবাসীর হাতে ধরা পড়েছিল প্রভাস মণ্ডল। সিসিটিভি ফুটেজেও নাবালিকার সঙ্গে তাকে দেখা গিয়েছিল। পরে এলাকার একটি পুকুরে নেমে নাবালিকার দেহ কোথায় ফেলা হয়েছিল, সেটিও দেখিয়ে দেয় সে।
Kolkata,West Bengal
Jul 08, 2026 12:49 PM IST
