Last Updated:
এ দিন বিকেল ৪টে থেকে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বৈঠক ডাকা হয়েছিল৷
বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের জন্য অধ্যক্ষকে দেওয়া চিঠিতে তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠেছে৷ তদন্ত শুরু করেছে সিআইডি৷ এমন কি, এই ঘটনায় খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে সিআইডি৷
বিধায়কদের সই জাল কাণ্ডে দলের রণকৌশল এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা করতেই এ দিন কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিল তৃণমূল কংগ্রেস৷ এর পাশাপাশি সরকারি বৈঠকে তৃণমূল বিধায়করা অংশ নেবেন কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু সেই বৈঠকে দলের জয়ী ৮০ বিধায়কদের মধ্যে মাত্র ২০ জন বিধায়ক হাজির হলেন৷ যার ফলে কিছুক্ষণ অপেক্ষা করার পর এ দিনের বৈঠকই বাতিল করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ঘটনাচক্রে গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরেও তৃণমূলের অধিকাংশ বিধায়ককেই সরব হতে দেখা যায়নি বলে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠেছিল৷ তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যেভাবে দলের সিংহভাগ বিধায়ক অনুপস্থিত থাকলেন, তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দুশ্চিন্তা আরও বাড়ল৷
সূত্রের খবর, বৈঠকে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তৃণমূলনেত্রী৷ এর পর বিধায়কদের অনুপস্থিতি দেখে বৈঠক বাতিল করেন তিনি৷
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ অবশ্য দাবি করেছেন, বিভিন্ন এলাকায় যেভাবে তৃণমূল নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করছে এবং ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে, তা সামাল দিতে নিজেদের এলাকায় বহু বিধায়ক আটকে গিয়েছেন৷ আগে থেকেই বৈঠকে না আসতে পারার কথা জানিয়েছিলেন ওই বিধায়করা৷ বৈঠকের দিনও পরিবর্তন করার অনুরোধ করেছিলেন তাঁরা৷ সেই অনুরোধের কথা মাথায় রেখেই এ দিনের বৈঠক বাতিল করা হয়েছে৷
কুণাল ঘোষ অবশ্য জোরের সঙ্গে দাবি করেছেন, বিধায়করা দলীয় নেতৃত্বের সঙ্গেই আছেন বলে জানিয়েছেন৷ দল যা নির্দেশ দেবে, তা মানতে তাঁরা তৈরি বলেও জানিয়েছেন বিধায়করা৷ বৈঠক শুরুর অনেক আগেই বিধায়করা দলের নেতৃত্বকে বৈঠকে আসতে না পারার কথা জানিয়েছিলেন বলে দাবি কুণাল ঘোষের৷
তবে রাজনৈতিক মহলের অবশ্য দাবি, এ দিন বিধায়করা যেভাবে অনুপস্থিত থাকলেন তাতে সই জাল কাণ্ডে চিন্তা বাড়ল তৃণমূলের৷ বিধায়কদের অনুপস্থিতি দলীয় নেতৃত্বের প্রতি অনাস্থার ইঙ্গিত কি না, সেই প্রশ্নও উঠছে৷
সহ প্রতিবেদন- ঈরণ রায় বর্মণ
Kolkata,West Bengal
