Last Updated:
Twisha Sharma Death Case: ত্বিষা শর্মা মৃত্যু মামলায় গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, তদন্তে নতুন মোড় আনল হাইকোর্টের পর্যবেক্ষণ।
ভোপাল: মধ্যপ্রদেশের বহুচর্চিত ত্বিষা শর্মা মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন তাঁর শাশুড়ি গিরিবালা সিং। বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্ট গিরিবালার আগাম জামিন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, নিম্ন আদালত মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ যথাযথভাবে বিবেচনা না করেই আগাম জামিন মঞ্জুর করেছিল।
গত ১২ মে ভোপালের শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ত্বিষা শর্মাকে। ঘটনার মাত্র দু’দিন পরই গিরিবালা সিং ভোপালের একটি সেশনস কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। ১৫ মে ১০ম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তাঁকে আগাম জামিন দেন। তবে সেই নির্দেশকেই এবার বাতিল করল হাই কোর্ট। ১৭ পাতার নির্দেশিকায় অবকাশকালীন বিচারপতি দেবনারায়ণ মিশ্র জানান, হোয়াটসঅ্যাপ চ্যাট, ত্বিষার পরিবারের সদস্যদের বয়ান এবং অন্যান্য তথ্য যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। আদালত স্পষ্ট জানায়, “হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এটা বলা যায় না যে অভিযোগ শুধুমাত্র সমর্থ সিংয়ের বিরুদ্ধে।”
এদিকে বুধবারই ভোপালের একটি আদালত সমর্থ সিংকে সিবিআই হেফাজতে পাঠায়। পরে সিবিআই আধিকারিকরা সমর্থকে নিয়ে কাটারা হিলস এলাকায় গিরিবালা সিংয়ের বাড়িতে যান তদন্তের স্বার্থে। সোমবার থেকেই সিবিআই আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার গ্রহণ করেছে এবং মধ্যপ্রদেশ পুলিশের এফআইআর পুনরায় নথিভুক্ত করেছে, যেখানে সমর্থ সিং ও গিরিবালা সিং– দু’জনকেই অভিযুক্ত করা হয়েছে।
ত্বিষার পরিবারের আইনজীবী অনুরাগ শ্রীবাস্তব হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন, “অবশেষে ত্বিষা মামলায় ন্যায়বিচার হল।” পাশাপাশি তিনি গিরিবালা সিংকে তদন্তে সহযোগিতা করার আবেদন জানান। তাঁর কথায়, “৩৬ বছর বিচার বিভাগে কাজ করেছেন গিরিবালা। আইনের প্রতি যদি তাঁর শ্রদ্ধা থাকে, তবে তাঁর উচিত স্বেচ্ছায় সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করা।”
Kolkata,West Bengal
