Last Updated:
UCC Bill: অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ নিয়ে সংশয়। আজ সোমবার নাও পেশ হতে পারে এই বিল। কারণ কী? যা জানা যাচ্ছে।
কলকাতা: সোমবার রাজ্য বিধানসভায় নাও পেশ হতে পারে বহুল চর্চিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। সূত্রের খবর, UCC বিল বিধায়কদের কাছে এখনও পাঠানো হয়নি। তাই আজ ইউসিসি বিল পেশের সম্ভাবনা কম। অভিন্ন দেওয়ানি বিল আজ বিধানসভায় আনা হলেও, আজই বিলটি পেশ করার সম্ভাবনা বেশ কম। তবে সূত্রের খবর, বিল পেশ করা না হলেও আজ এই বিল নিয়ে কোনও শীর্ষস্থানীয় বিধায়ক বা মন্ত্রী বিবৃতি দিতে পারেন বিধানসভায়।
প্রসঙ্গত, রাজ্য প্রশাসন গোটা বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, ইস্তেহারের দাবি মতো অবশ্যই আসবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। তবে এই নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না তাঁরা। তবে সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে উত্তরাখণ্ডের মতোই একটি কমিটি গঠন করতে পারে সরকার।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা ঠিক করতে গঠন করা হতে পারে কমিটি। বিবৃতি দিয়ে কমিটি গঠনের কথা ঘোষণা করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিটিতে যুক্ত করা হবে বিরোধীপক্ষ থেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্টদের।
উত্তরাখণ্ডে ইউসিসি বিল তৈরির সময়ও একই পদ্ধতিতে এগিয়েছিল উত্তরাখণ্ড সরকার। তাই আজ সোমবার এই প্রসঙ্গে আরও এক দফা আলোচনার পর কমিটি গঠন করে কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর। এই বিল আনার ক্ষেত্রে বেশ কিছু বিতর্ক থাকায় সরকার ধীরে চলো নীতি নিতে চাইছে। বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই বিল প্রস্তুত করা হবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সোমবার রাজ্য বিধানসভায় পেশ হওয়ার কথা আরও দুটি বিলের। তবে সবকটি বিলের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত বিল এই অভিন্ন দেওয়ানি বিধি। কারণ এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলে বিয়ে, ডিভোর্স, দত্তক নেওয়া ও উত্তরাধিকার সংক্রান্ত একাধিক ব্যক্তিগত বিষয় জড়িত আছে। আগেই উত্তরাখণ্ড, গুজরাত, অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। বর্তমানে মুসলিম, খ্রিস্টান, দুই সম্প্রদায়েরই বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন আছে। UCC চালু হলে, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই একই আইনি ছাতার তলায় আসবে বলেই দাবি করা হচ্ছে এই বিলের প্রস্তাবে।
Kolkata,West Bengal
