Last Updated:
বাংলার সম্ভাব্য ভোটের ফল নিয়ে দেশের বেশ কয়েকটি সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষার কাজ চালিয়েছে৷ সেই সমীক্ষায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বাংলায় হাড্ডাহাড্ডি লডা়ইয়েরই আভাস দেওয়া হয়েছে৷
আগামী সোমবার, ৪ মে বাংলায় আবার সবুজ আবির উড়বে না কি গেরুয়া ঝড় উঠবে, তা নিয়ে এখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে৷ বিশেষত, বুথ ফেরত সমীক্ষায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বাংলায় পরিবর্তনের জল্পনা জোরাল হয়েছে৷ অন্যদিকে আবার মার্কিন বেটিং বাজার এবং বড়বাজারের আবির বিক্রির প্রবণতা দেখেও ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে৷
একনজরে দেখে নেওয়া যাক বাংলার ভোটের ফল নিয়ে বুথ ফেরত সমীক্ষায় কী পূর্বাভাস দেওয়া হয়েছে-
| সমীক্ষাকারী সংস্থা | বিজেপি | তৃণমূল | অন্যান্য | অ্যাডভান্টেজ কার |
| টুডেজ চাণক্য | ১৯২(±১১) | ১০০(±১১) | সামান্য | বিজেপি-র বিপুল জয়ের ইঙ্গিত |
| ম্যাটরিজ | ১৫০-১৬৫ | ১১০-১৩০ | সামান্য | বিজেপি এগিয়ে |
| পি মার্ক | ১৪০-১৬০ | ১২০-১৪০ | সামান্য | বিজেপি এগিয়ে |
| প্রজা পোল | ১৫০-১৭০ | ১১০-১৩০ | সামান্য | বিজেপি এগিয়ে |
| পোল ডায়েরি | ১৪৫-১৬০ | ১১৫-১৩৫ | সামান্য | বিজেপি এগিয়ে |
| পিপলস পালস | ৯৫-১১০ | ১৭০-১৮০ | সামান্য | তৃণমূলের বড় জয় |
| জনমত | ১০০-১২০ | ১৬০-১৮০ | সামান্য | তৃণমূলের জয় |
| জেভিসি | ১২০-১৪০ | ১২০-১৪০ | সামান্য | হাড্ডাহাড্ডি লড়াই |
বাংলার ভোটের ফল কোন দিকে যেতে পারে, তার আন্দাজ নাকি পাওয়া যায় বড় বাজারের আবীর বিক্রির প্রবণতা দেখলে৷ গত কয়েকটি নির্বাচনে বড় বাজারে সবুজ আবিরের চাহিদা থাকত তুঙ্গে৷ কিন্তু এবার নাকি বড়বাজারে আবির বিক্রির ক্ষেত্রেও উল্টো ছবি৷ বড়বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবার নাকি মোট চাহিদার ৯০ শতাংশই গেরুয়া আবিরের জন্য৷ সবুজ আবিরের চাহিদা নাকি উল্লেখযোগ্য ভাবে তলানিতে ঠেকেছে৷ বড়বাজারের অভিজ্ঞ ব্যবসায়ীরা নাকি সবুজ আবির মজুত করাও বন্ধ করে দিয়েছেন৷
পলিমার্কেট-এর মতো আন্তর্জাতিক বেটিং সাইটেও বাংলার ভোটের ফল নিয়ে ২০ লক্ষ ডলারের বেশি লেনদেন হয়েছে৷ সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে৷ পলিমার্কেটে বাংলার ভোটের ফল নিয়ে বাজি ধরার নিরিখে এখনও পর্যন্ত যে হিসেবে উঠে আসছে, তাতে বিজেপি-র জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ৷ অন্যদিকে তৃণমূলের জয়ের সম্ভাবনা ৪৭ থেকে ৪৮ শতাংশ৷
আবার ভোটের বাজি ধরার জন্য বিখ্যাত রাজস্থানের ফালোদি সাট্টা বাজারের প্রবণতা আবার একটু অন্যরকম৷ ফালোদি সাট্টা বাজারে বাংলা ভোটের ফল নিয়ে যেভাবে বাজি ধরা হচ্ছে, তাতে তৃণমূলের ১৫৮ থেকে ১৬১টি আসন পাওয়ার সম্ভাবনা আছে৷ অন্যদিকে বিজেপি পেতে পারে ১২৭ থেকে ১৩০টি আসন৷
Kolkata,West Bengal
