Last Updated:
তৃণমূল ক্ষমতায় থাকার সময় নিজের সংসদীয় এলাকায় সেবাশ্রয় শিবির চালু করেছিলেন অভিষেক। দূরদূরান্ত থেকে সেখানে বিনামূল্যে চিকিৎসার জন্য আসতেন গরিব মানুষজন। এমনকি, ভিন্রাজ্য থেকেও কেউ কেউ সেবাশ্রয়ে পরিষেবার জন্য এসেছিলেন। কিন্তু ভোটের ফলপ্রকাশের পর সেই সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ উঠেছে।
আবির ঘোষাল, কলকাতা: ‘ভাইপো’র সেবাশ্রয়ে চিকিৎসার নামে ছেলেখেলা। একের পর এক আইন লঙ্ঘন ! আজ, শনিবার সেবাশ্রয় নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। বিষ্ণুপুরে একাধিক অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘এই চিটিংবাজটার স্ক্যাম দেখুন ৷ এক্স রে, ইউএসজি মেশিন বাইরে নিয়ে গেছে। মেডিক্যাল কলেজের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। এতো খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না। সব মেশিন সিজ হয়েছে। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে ২১ সালের এক্সপায়ারি ডেটের ওষুধ পাওয়া গেছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘আমরা ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগ, স্বাস্থ্য দফতর চিঠি দিয়েছি। আমরা এক্স রে মেশিন সিজ করেছি, ইউএসজি মেশিন সিজ করেছি। ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সরকারি চিকিৎসকদের ডিউটি দেওয়া হয়েছিল ৷’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির ঘিরে বিতর্ক অব্যাহত। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত উদ্যোগে বিভিন্ন বেনিয়ম হয়েছে বলে অভিযোগ ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডার। শুধু তা-ই নয়, ফলতায় কেন সেবাশ্রয় শিবিরের প্যান্ডেল খোলা হয়নি, তা বলতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। সমগ্র বিষয়টি নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার সেবাশ্রয়-বিতর্ক নিয়ে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করেন ফলতার বিধায়ক। বিজেপি বিধায়ক বলেন, “কোথাও মাঠ দখল করে রাখা হয়েছে…। চিকিৎসার নামে নানা অপকর্ম হয়েছে। কোনও রোগীর হাত বাদ গিয়েছে, কোনও রোগীর পা বাদ গিয়েছে।’’
Kolkata,West Bengal
Jul 25, 2026 11:52 AM IST
