চেন্নাই: কর্মসূত্রে চেনাশোনা। এখন কি ব্যক্তিগত সমীকরণও তৈরি হয়েছে? থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণনের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। সেই জল্পনা আরও জোর পেল রবিবার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি। আর সেই শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি নজর কাড়ল সকলের। (Trisha Krishnan)
রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। সেই অনুষ্ঠানেই দেখা যায় তৃষাকে। পরনে ছিল আইস ব্লু সিল্ক কাঞ্জিভরম শাড়ি। জুঁইফুলের মালা জড়ানো ছিল খোঁপায়। হিরের উপর চুনি বসানো নেকলেস এবং মানানসই দুল ছিল কানে। কপালে ছিল ছোট্ট টিপ। (Thalapathy Vijay)
আরও পড়ুন: ঋজু দত্তকে সাসপেন্ড করল তৃণমূল, দলকে তাঁর বার্তা, ‘কথা দিচ্ছি—আবার দেখা হবে’
মা উমা কৃষ্ণনকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন তৃষা। সেখানে তাঁকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান অনেকে। এদিন যখন নিজের বাড়ি থেকে বের হন তৃষা, সেখানেও অনেকে ছেঁকে ধরেন তাঁকে। তবে বেশি কিছু বলেননি তিনি। বরং শপথ অনুষ্ঠান ঘিরে উৎসাহিত বলে জানান।
প্রথম বার রাজনীতিতে প্রবেশ করেই বাজিমাত করেছেন বিজয়। তাঁর দল TVK একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে। মোট ১০৮টি আসনে জয়ী হয় TVK. কংগ্রেস এবং অন্য আঞ্চলিক দলগুলির সমর্থনে ম্যাজিক সংখ্যা জোটানো গিয়েছে। তবে TVK-র এই জয় ঐতিহাসিক বললেও কম হয়। কারণ ছয়ের দশক থেকে তামিলনাড়ুতে DMK এবং AIADMK-র যে বাইনারি তৈরি হয়েছিল, তা ভেঙে চুরমার করে দিয়েছেন বিজয়।
আরও পড়ুন: ভোটমুখী পঞ্জাবে তৎপর ED, গ্রেফতার মন্ত্রী, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে আম আদমি পার্টি
রাজনীতিতে প্রবেশের বিজয়ের যে সিদ্ধান্ত, গোড়া থেকেই তাতে সমর্থন জুগিয়ে আসছেন তৃষা। গত ৪ মে ফলঘোষণার দিনও তিরুপতি মন্দিরে পুজো দিতে যান তিনি। ওই দিন তৃষার জন্মদিনও ছিল। অনুরাগীদের দাবি ছিল, বিজয় আসলে তৃষাকেই জন্মদিনে উপহার দিয়েছেন। অভিনেত্রী চার্মি আবার তৃষীকে বিজয়ের ‘লাকি ম্যাসকট’ বলেও উল্লেখ করেন। জয়ের পর বিজয়ের বাড়িতেও যান তৃষা।
তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয় এবং তৃষা। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তাঁরা। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের মামলা করেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। বিজয়ের বিরুদ্ধে অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন তিনি। বিজয় এবং তৃষা সেই নিয়ে কোনও মন্তব্য না করলেও, জল্পনা জোর পেতে সময় লাগেনি। মার্চ মাসে একসঙ্গে একটি বিয়েবাড়িতেও যান তাঁরা।