Last Updated:
Himanta Biswa Sarma: অসমে বিজেপি বিধায়ক দল এবং এনডিএ বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, ফের হিমন্তই শপথ নিতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিসেবে
গুয়াহাটি: নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগেই জয়লাভ করেছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৷ এবার অসমে বিজেপি বিধায়ক দল এবং এনডিএ বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, ফের হিমন্তই শপথ নিতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিসেবে৷
অসম বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে জয়ী হয়েছে এনডিএ জোট। ফলে নতুন সরকার গঠন করবে বিজেপিই। নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যে পদত্যাগ করেছেন হিমন্ত৷ তবে আগামী ১২ মে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে ফের হিমন্তই শপথ নিতে চলেছেন৷
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বিধায়ক দল এবং এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের জাতীয় সভাপতি নীতিন নবীনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আশীর্বাদ করেছেন যাতে আমরা টানা তৃতীয়বার অসমে সরকার গঠন করতে পারি। আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। রাজ্যের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন এবং আগামী পাঁচ বছর আমরা উন্নয়নের কাজ চালিয়ে যাব। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় সভাপতি নীতিন নবীনকেও ধন্যবাদ জানাই।”
১২৬ আসনের অসম বিধানসভায় এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে এগিয়েছে। বিজেপি একাই ৮২টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। অন্যদিকে জোটসঙ্গী অসম গণ পরিষদ (এজিপি) এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) ১০টি করে আসন পেয়েছে।
শনিবার হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের অসমের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া মেনে বুধবারই তিনি রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
Kolkata,West Bengal
