Last Updated:
মৌসুমী হোসেনও জানিয়েছেন, আগের অনুষ্ঠানগুলির তুলনায় এবার বাংলার মাটিতে তাসলিমা নাসরিনের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার অনুভূতি তাঁর কাছে অনেক বেশি আবেগঘন।
কলকাতা: এক দেশ থেকে আরেক দেশ— দূরত্ব হাজার হাজার কিলোমিটার। তবু প্রযুক্তির হাত ধরে জোরকদমে চলছে রিহার্সাল। আগামী ১ অগাস্ট অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ফেরা’, যেখানে কবিতা পাঠ করবেন লেখিকা তসলিমা নাসরিন এবং তাঁর কবিতায় সুর দিয়ে গান পরিবেশন করবেন শিল্পী মৌসুমী হোসেন।
বর্তমানে তাসলিমা নাসরিন বিদেশে থাকেন, অন্যদিকে মৌসুমী হোসেনের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। পেশায় তিনি একজন স্কুলশিক্ষিকা। দুই শিল্পী দুই দেশে থাকায় সময়ের পার্থক্য মেনে রাত-দিনের হিসাব কষেই ভার্চুয়ালি চলছে অনুষ্ঠানটির প্রস্তুতি।
অবশ্য এই জুটির জন্য বিষয়টি একেবারেই নতুন নয়। এর আগে উত্তর আমেরিকায় একবার এবং দিল্লিতে দু’বার তাসলিমা নাসরিনের সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নিয়েছেন মৌসুমী হোসেন। তবে এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অন্য জায়গায়।
প্রথমবার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলা ‘ফেরা’ অনুষ্ঠানে শুধুমাত্র তাসলিমা নাসরিনের কবিতাকেই গানের রূপ দিয়ে পরিবেশন করবেন মৌসুমী হোসেন। এই নতুন পরিকল্পনাই অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দিচ্ছে।
রিহার্সালের সময় কখনও ভার্চুয়ালি তাসলিমা নাসরিনের সঙ্গে মহড়া দিচ্ছেন মৌসুমী, আবার কখনও সঙ্গীতশিল্পীদের নিয়ে একসঙ্গে বসে নিজেই তাসলিমার কবিতার অংশ পাঠ করছেন। এর উদ্দেশ্য, কবিতা পাঠ ও গানের মধ্যে সঠিক সমন্বয় তৈরি করা, যাতে মঞ্চে পরিবেশনার সময় ছন্দপতন না হয়। এভাবেই দুই দেশে বসে চলছে ‘ফেরা’র প্রস্তুতি। ১ অগাস্ট মঞ্চে ফিরবেন তাসলিমা নাসরিন। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলায় এই অনুষ্ঠান ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ বাড়ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 22, 2026 11:12 PM IST
