Last Updated:
TMC: ভোটে বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত তৃণমূলের! আইটি সেল ভেঙে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কালীঘাটের বাড়ি থেকে দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশ।
কলকাতা: নির্বাচনে হারের পর প্রথম পদক্ষেপ তৃণমূলের। দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে দলের আইটি সেল-এর কমিটি ভেঙে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৈরি করে দেওয়া হল কোর কমিটি। আইটি সেল-এর কমিটির বদলে গঠন করা হল ছয়জনের কোর কমিটি। এস আই আর-এ নির্বাচন কমিশনের কারচুপি, গণনার দিনের কারচুপি, এই সব অভিযোগকে সামনে রেখে আইটি সেলের সদস্যদের জোর কদমে প্রচারে নামার নির্দেশ দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার দলের সদস্যদের অনেকেই তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা সঠিক ভাবে পালন করছেন না বলে অভিযোগ উঠেছে দলের অন্দরে। এছাড়া দেখতে পাওয়া গিয়েছে সেলের যাঁরা সদস্যরা রয়েছেন তাঁরা নির্বাচনের ফল প্রকাশের পর প্রত্যেকে একাধিক জায়গাতে দলবিরোধী কথা বলতে শুরু করেছেন। আইটি সেলের সদস্যদের এই ধরণের আচরণেই কার্যত রাশ টানতে চাইছে তৃণমূল নেতৃত্ব, এমনটাই দলীয় সূত্রে খবর।
দলীয় নেতৃত্বের মতে এই ধরণের আচরণ চলতে থাকলে তাঁদের নিয়ে দলের সাংগঠনিক কাজ চালানো যাবে না। তাই তৃণমূল নেতৃত্বের তরফে বার্তা, দল যাঁরা ‘ডেডিকেটেড’, দলের প্রতি অনুগত সেই সমস্ত কর্মীদের নিয়েই কাজ করতে চায়। তাই কমিটিকে ভেঙে দিয়ে একটি কোর কমিটি গঠন করে দিয়েছে। এদিন কালীঘাটে নিজের বাড়িতেই বিভিন্ন যাঁরা সদস্যরা রয়েছেন তাঁদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Kolkata,West Bengal
