Last Updated:
তৃণমূলে পরাজয়ের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার যে বিপুল আয়োজন এতদিন রাখা হয়েছিল, তা সরিয়ে নেওয়া হয়৷ উল্লেখযোগ্য ভাবে কমানো হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যাও৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার৷ একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্যের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের জন্য এতদিন যে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল, তা পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল, সোমবার রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ সেই বৈঠকেই রাজনৈতিক নেতাদের জন্য অকারণ নিরাপত্তা রক্ষী মোতায়েন বন্ধ করার নির্দেশ দেন তিনি৷ এর পরই রাজনৈতিক নেতাদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়৷ কোন রাজনৈতিক নেতার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কতটা রয়েছে, তার উপর ভিত্তি করেই নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়৷
বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল এক সরকারি আধিকারিক সংবাদসংস্থা আইএএনএসকে জানিয়েছেন, সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তার বাইরেও যে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী এবং পাইলট কার অভিষেক পেতেন, এবার থেকে তিনি তা আর পাবেন না৷
গত দশ বছরেরও বেশি সময় ধরে অভিষেক জেড প্লাস নিরাপত্তা পেয়ে এসেছেন৷ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে অভিষেকের নিরাপত্তা রাতারাতি কাটছাঁট করা হয়৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
সূত্রের খবর, সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, কোনও রাজনৈতিক নেতার নিরাপত্তার বড়সড় ঝুঁকি না থাকলে অকারণ যেন নিরাপত্তারক্ষী মোতায়েন না করা হয়৷ শুধুমাত্র প্রভাবশালী হওয়ার কারণেই কেন কোনও নেতার পিছনে সরকারি অর্থের অপচয় হবে, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য প্রশাসনের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা আইএএনএস দাবি করেছে, এবার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন মেনেই অভিষেকের নিরাপত্তার বন্দোবস্ত করা হবে৷ আর পাঁচজন সাংসদ যে নিরাপত্তা পান, এবার থেকে তাই পাবেন অভিষেকও৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চড়াও হয়৷ তার পর থেকেই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিত রাজ্য সরকার৷
Kolkata,West Bengal
